কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে তাঁদের নাম উল্লেখ করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনায় পরিবার দুটির সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনিরুলের (৪২) বাড়িতে এসব সামগ্রী রেখে যাওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক।
বাচ্চু মালিথা পেশায় কৃষক। অন্যদিকে মনিরুলের স্থানীয় বাজারে একটি ওষুধের দোকান রয়েছে। পরিবার দুটির সদস্যদের দাবি, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে তাঁরা কাফনের কাপড়সহ অন্যান্য জিনিস ও চিরকুট দেখতে পান।
বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে মনিরুলের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
এসব সামগ্রী ও চিরকুট পাওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন পরিবার দুটির সদস্যরা। মনিরুল বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চান না বলে জানান তিনি।
মনিরুল আরও বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বাচ্চু মালিথাও তাঁর সঙ্গে থানায় গিয়েছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগীদের থানায় জিডি করতে বলা হয়েছিল। তাঁরা জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে।