বুধবার, 11 নভেম্বর 2026
সকল বিভাগ

রাজশাহী মেডিকেলে নির্মাণাধীন ওয়ার্ডের দোতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন একটি ওয়ার্ডের দোতলার বারান্দা থেকে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেলে নির্মাণাধীন ওয়ার্ডের দোতলা থেকে পড়ে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন একটি ওয়ার্ডের দোতলার বারান্দা থেকে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আবু হুরাইরা। তার বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। শিশুটির বাবা ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। একই হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত ছয় বছর বয়সী তার বড় বোনও চিকিৎসাধীন ছিল।

হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শেখ শামীম আহমেদ এ তথ্য জানিয়েছেন।

শিশুটির মা সেলিনা বেগম জানান, স্বামী ও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছিল। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে জমানো টাকাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। এ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সেলিনা বেগম বলেন, “প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে চিকিৎসকের চেম্বারে গেলে ওয়ার্ডে থাকা আবু হুরাইরা হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। এক পর্যায়ে সেখান থেকে নিচে পড়ে আহত হয় সে। বারান্দাটিতে নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না।”

চিকিৎসক শেখ শামীম আহমেদ বলেন, “ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। শিশুটি খেলতে খেলতে পড়ে গেছে।”

তিনি জানান, শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও স্যালাইন দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুপুর আড়াইটার দিকে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতালের দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাসপাতালের মুখপাত্র।