ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। বুধবার ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে এ ধরনের হুমকি আসার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়। তবে নিরাপত্তা তল্লাশিতে বিপজ্জনক কিছু না পাওয়ায় পরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের অনেক স্কুলেও বিদেশ থেকে একই ধরনের হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছে। তবে পুলিশি তদন্তে সেসব হুমকি ভুয়া বলে প্রমাণিত হওয়ায় সেখানে পাঠদান স্বাভাবিক ছিল।
ইতালিতে হুমকির খবর ছড়িয়ে পড়ার পর অনেক অভিভাবক কাজ ফেলে সন্তানদের নিতে স্কুলে ছুটে যান। দেশটির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা ঘটনাটিকে বাস্তব কোনো বিপদের চেয়ে সাইবার হামলা হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন।
বুধবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজধানী রোম, নেপলস, ভিচেনজা, ফ্লোরেন্স, পিসা ও ত্রিয়েস্তেসহ বিভিন্ন শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। পরে নিরাপত্তা তল্লাশিতে সন্দেহজনক বা বিপজ্জনক কিছু না পাওয়ায় সতর্কতা তুলে নেওয়া হয়।
ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে শিক্ষামন্ত্রী ভালদিতারা বলেন, ইতালি ও ইউরোপের অন্যান্য দেশে বিমান চলাচল, সুপারমার্কেট এমনকি হাসপাতালকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে যেসব হুমকি আসছে, সেগুলোর পেছনে সুনির্দিষ্ট অপকৌশল থাকতে পারে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে অন্তত ২৮০টি স্কুলের প্রধান শিক্ষক সরাসরি হুমকিমূলক ইমেইল পেয়েছেন।
পরিস্থিতি বিবেচনায় শীর্ষ মন্ত্রী ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসা হুমকির ঘটনাগুলো সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হুমকির ইমেইলে তাঁকেও লক্ষ্যবস্তু করার কথা বলা হয়েছিল।
তল্লাশিতে নিশ্চিত কোনো বিপদের প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেলোনি লেখেন, “এসব বার্তা মূলত জনমনে শঙ্কা ও গভীর উদ্বেগ তৈরির এক সুপরিকল্পিত কৌশলের সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে।”
ইমেইলগুলোর প্রেরক হিসেবে ‘ভিলায়েত অব মিসোজিনিস্তান’-এর স্বঘোষিত নেতা ‘মিখাইল আন্দ্রোপভ’-এর নাম ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার সংবাদমাধ্যমে পাঠানো একই ধরনের ভুয়া বোমাতঙ্কের ইমেইলেও এই নাম ছিল। ইতালির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, স্কুলগুলোর ইমেইল ঠিকানা উন্মুক্ত থাকায় এ ধরনের সাইবার আতঙ্ক ছড়ানো সহজ হয়েছে।
ইউক্রেইনকে সমর্থন দেওয়ার জেরে ইউরোপের জনজীবন বিপর্যস্ত করতে রাশিয়া এ ধরনের তৎপরতা চালাতে পারে বলে সন্দেহ করছেন কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা। তবে মস্কো এ অভিযোগকে পশ্চিমা অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে।
এদিকে ফ্রান্সে সুপারমার্কেটের হিমায়ক বিকল করে দেওয়ার অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। এ ঘটনায় এসব হুমকির পেছনে তেহরানের সম্পৃক্ততা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো সতর্ক করে বলেছেন, এসব ঘটনা সব সময় বহিঃশত্রুর কাজ নাও হতে পারে। দৃষ্টি আকর্ষণে আগ্রহী কোনো বিকারগ্রস্ত গোষ্ঠীও আতঙ্ক ছড়ানোর এমন সুযোগ নিতে পারে।
ইতালির প্রিন্সিপালস অ্যাসোসিয়েশন জানিয়েছে, হুমকিগুলো ভুয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক মানসিক প্রভাব গভীর।