বুধবার, 11 নভেম্বর 2026
সকল বিভাগ

বৈরিতা ভুলে পরোক্ষ ও গোপনে বাণিজ্যে জড়িয়ে পড়ছে পাকিস্তান ও ভারত

আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা এবং অতীতের সামরিক সংঘাত সত্ত্বেও জীবন রক্ষাকারী ওষুধ ও রাসায়নিক আমদানির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যকার গোপনীয় বাণিজ্য নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, কূটনৈতিক বরফ গলে যাওয়ার লক্ষণ হিসেবে বিভিন্ন সৌহার্দ্যপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে দুই দেশের সম্পর্কেও কিছুটা নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছে।

বৈরিতা ভুলে পরোক্ষ ও গোপনে বাণিজ্যে জড়িয়ে পড়ছে পাকিস্তান ও ভারত
দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম টানটান উত্তেজনা ও আনুষ্ঠানিক কোনো বাণিজ্যিক চুক্তি না থাকলেও পাকিস্তান ও ভারতের মধ্যকার আমদানি কার্যক্রম প্রায় আগের অবস্থায় ফিরে গেছে। বিশেষজ্ঞদের দৃষ্টিতে, দীর্ঘদিনের এই বৈরী প্রতিবেশীদের দূরত্ব হ্রাসের এটি একটি বড় ইঙ্গিত।

২০২৫ সালের বসন্তে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সংঘটিত রক্তক্ষয়ী হামলায় ২৬ জনের প্রাণহানির পর নয়াদিল্লি এর দায় ইসলামাবাদের ওপর চাপালেও পাকিস্তান তা জোরালোভাবে প্রত্যাখ্যান করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত পক্ষ থেকে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা আসে। এর জবাবে পাকিস্তানও দেশটির আকাশপথ ও ওয়াঘা সীমান্ত বন্ধ করাসহ ভারতের সঙ্গে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার মতো কঠোর পদক্ষেপ নেয়। পরবর্তীতে ওই বছরের মে মাসে দুই পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জড়িয়ে পড়ে, যা চার দিন পর এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে থমকে যায়।

সংঘাতের এমন তিক্ত আবহ ও উত্তেজনার পরও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ভারত থেকে প্রায় সাড়ে ছয় কোটি মার্কিন ডলার মূল্যের পণ্যসামগ্রী আমদানি করেছে পাকিস্তান, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৯ শতাংশ বেশি।
এই গোপন আমদানির সিংহভাগজুড়েই রয়েছে জরুরি ঔষধি উপাদান ও নানা ধরনের প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। পাকিস্তানি অর্থনীতিবিদদের ব্যাখ্যা অনুযায়ী, ভারত ছাড়া এসব কাঁচামাল সংগ্রহের অন্য কোনো সুলভ উপায় তাদের নেই; কারণ অন্য কোনো রাষ্ট্র থেকে তা আমদানি করতে গেলে ব্যয় প্রায় অর্ধেক বা তার চেয়েও বেশি বৃদ্ধি পাবে। তাছাড়া রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা পাশ কাটাতে বহু ভারতীয় পণ্য বর্তমানে দুবাই কিংবা মালয়েশিয়ার মতো তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাকিস্তানের বাজারে প্রবেশ করছে।

বাণিজ্যিক এই সম্পর্কের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক বরফও ধীরে ধীরে গলতে শুরু করেছে। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ ওয়াঘা সীমান্ত দিয়ে বেশ কিছু পাকিস্তানি নাগরিককে সসম্মানে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এমনকি সম্প্রতি ঢাকায় আয়োজিত সাফ ফুটবল টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ আচরণ ও উষ্ণ করমর্দন দুই দেশের সাধারণ জনগণের মনেও নতুন করে আশার সঞ্চার করেছে।