বুধবার, 11 নভেম্বর 2026
সকল বিভাগ

যশোরে কোদালের আঘাতে বিএনপির সাবেক নেতা নিহত, আটক মামাতো ভাই

যশোর সদর উপজেলায় কোদাল দিয়ে মাথায় আঘাত করে শেখ আবু তালেব (৭০) নামের বিএনপির এক সাবেক নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর মামাতো ভাই শফিয়ার রহমানকে আটক করেছে পুলিশ

যশোরে কোদালের আঘাতে বিএনপির সাবেক নেতা নিহত, আটক মামাতো ভাই
ছবি: নিহত শেখ আবু তালেব

যশোর সদর উপজেলায় কোদাল দিয়ে মাথায় আঘাত করে শেখ আবু তালেব (৭০) নামের বিএনপির এক সাবেক নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর মামাতো ভাই শফিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার মুনসেফপুর গ্রামের বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক নেতা ছিলেন।

নিহতের ছেলে শাহজাহান আলী জানান, তাঁর বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বড় মসজিদের সামনে পৌঁছালে শফিয়ার রহমান অতর্কিতে কোদাল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।

এতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান আবু তালেব। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাহান আলী আরও বলেন, তাঁর বাবার সঙ্গে অভিযুক্ত শফিয়ার রহমানের আগে থেকে কোনো বিরোধ ছিল কি না, তা তিনি জানেন না।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শফিয়ার রহমানকে আটক করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।