ভারতের অরুণাচল প্রদেশে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিরোধিতা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার।
অরুণাচল প্রদেশে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রাজ্যটির আপার সুবানসিরি জেলাতেও বাঁধবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নবি মুম্বাই থেকে র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ) দুটি কোম্পানিকে পাসিঘাটে পাঠানো হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমানের একাধিক ফ্লাইটে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সেখানে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিয়াং ও আপার সিয়াং এলাকায় আগে থেকেই র্যাফের কয়েকটি কোম্পানি মোতায়েন রয়েছে। এ ছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, জোরহাট, নগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারী র্যাফ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
গত ২৩ অক্টোবর ইস্ট সিয়াং জেলায় প্রস্তাবিত সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেয়। এ সময় জাতীয় জলবিদ্যুৎ নিগমের (এনএইচপিসি) স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা বিধায়কদের বাড়িঘরেও ভাঙচুর চালান।
এসব ঘটনায় পুলিশ একাধিক মামলা করেছে। পাসিঘাটে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আরও আটজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ জারি রয়েছে।
সিয়াং উপত্যকায় অস্থিরতার মধ্যেই অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় আরেকটি জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।
১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রস্তাবিত আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে টাগিন স্টুডেন্টস ইউনিয়ন ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা সদর দাপোরিজোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে যানবাহনে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটে।