সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকা কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) অবস্থিত দেশটির বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রত্যক্ষদর্শীরাও ভবনটিতে ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছেন।
এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) আরামকো টাওয়ারে হামলা হয়েছে, এটা নিশ্চিত।’ আরও দুজন প্রত্যক্ষদর্শী ভবনটির ক্ষয়ক্ষতি দেখেছেন বলে জানিয়েছেন।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, আরামকোর বহুতল ভবনটির কাছে অবস্থানকালে তিনি সেখানে ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাত দেখতে পান। তবে ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
আরেকজনের ভাষ্য, ভবনটির একাধিক তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়েছে। কাচ ভেঙে যাওয়ার পাশাপাশি বাইরের দেয়ালের কিছু অংশেও ক্ষয়ক্ষতি দেখা গেছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ রিয়াদে সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় ভবনটির সামান্য ক্ষতি হয়েছে। সৌভাগ্যক্রমে, কেউ হতাহত হননি।’
সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে।
গত কয়েক মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আরামকোর বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোতে একাধিকবার হামলা চালিয়েছে। তেলবাহী জাহাজ, শোধনাগার, তেল সংরক্ষণাগার এবং প্রতিষ্ঠানটির সদর দপ্তরও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এলাকাটিতে কাচে ঘেরা সুউচ্চ ভবন, বিলাসবহুল বিপণিবিতান ও সবুজ চত্বর রয়েছে। সৌদি আরবের বেশ কয়েকটি বড় কোম্পানির পাশাপাশি গোল্ডম্যান স্যাকসের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও সেখানে কার্যালয় পরিচালনা করে।
এ ছাড়া এলাকাটির কেন্দ্রস্থলে রয়েছে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর এবং দেশটির স্টক এক্সচেঞ্জ ভবন।
বিশেষজ্ঞদের মতে, আবাসিক ভবন ও বড় একটি মেট্রো স্টেশন থাকা এই এলাকায় হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে।
এর আগে শনিবার ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হওয়ার খবর প্রকাশ করেছিল রয়টার্স।
জুলাইয়ে সৌদি আরব ও ইরানপন্থি হুতি গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর ওই হামলাকে সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
হুতিদের প্রায় প্রতিদিনের হামলার মুখে সৌদি আরব মিত্র দেশগুলোর কাছে সহায়তা চাইছে। সম্প্রতি রিয়াদ-সমর্থিত ইয়েমেন সরকারের কাছ থেকে লোহিত সাগরের উপকূলের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে গোষ্ঠীটি।