দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যায়ে উপজেলা সদর এলাকার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে সংস্থাটি।
রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে প্রথম ধাপের নির্বাচন নিয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে ভবিষ্যতে দেশের কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন ইসি সচিব। তবে বর্তমানে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এসব যন্ত্রের ভবিষ্যৎ ব্যবহার বা ব্যবস্থাপনা নিয়ে কমিশনের সিদ্ধান্ত বাকি রয়েছে।
এ ছাড়া ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথাও জানান আখতার আহমেদ। তবে তথ্য সংগ্রহের প্রক্রিয়া, সময়সূচি কিংবা বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।