রবিবার, 1 নভেম্বর 2026
সকল বিভাগ

টাঙ্গাইলে সাড়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নির্যাতনে আহত মুখ-নাক

টাঙ্গাইল শহরে সাড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দেওয়ায় শিশুটির মুখ ও নাক থেঁতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইলে সাড়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নির্যাতনে আহত মুখ-নাক
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল শহরে সাড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দেওয়ায় শিশুটির মুখ ও নাক থেঁতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলায় একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

হাসপাতালে শিশুটির মা জানান, তিনি একটি পার্লারে কাজ করেন। আদালতপাড়ার বাসিন্দা বিপ্লব (২২) নামের এক যুবক ওই পার্লারে যাতায়াত করেন। শুক্রবার বিকেলে শিশুটি পার্লারের নিচে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

শিশুটির মা বলেন, কিছুক্ষণ পর বিপ্লব তিনটি চিপসের প্যাকেট নিয়ে তাঁর কাছে যান। মেয়ের কথা জানতে চাইলে তিনি উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যান।

তিনি বলেন, “পরে হাসপাতাল থেকে জানতে পারি, আমার মেয়ে ধর্ষিত হয়েছে। তাকে এক রিকশাচালক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।”

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন শিশুটির মা।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছেন তাতে বলা যায়, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এ ছাড়া তার নাক ফেটে গেছে এবং ঠোঁট সেলাই করা হয়েছে।”

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”