মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

থমথমে গোপালগঞ্জ: মোড় মোড়ে পুলিশ, টহলে বিজিবি-এসআরবি

জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

থমথমে গোপালগঞ্জ: মোড় মোড়ে পুলিশ, টহলে বিজিবি-এসআরবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পরদিনও গোপালগঞ্জের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে সোমবার নতুন করে কোনো বিক্ষোভ বা সহিংসতার ঘটনা না ঘটলেও পুরো জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ খুব একটা ঘরের বাইরে বের হচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এদিকে, রোববার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হামলার আশঙ্কায় তাদের অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিশেষ করে গোপালগঞ্জ শহর ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের কেউ কেউ বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন।

হামলা ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের কিংবা কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

পুলিশ অবশ্য জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, রোববারের তুলনায় সোমবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরসহ জেলার অন্যান্য উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে।

সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। পাশাপাশি মাঠে রয়েছেন এসআরবি ও বিজিবির সদস্যরাও।

সহিংসতার ঘটনার পর রোববার বিকেলেই গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য জানিয়েছিলেন প্রশাসনের কর্মকর্তারা। সোমবার এর সঙ্গে আরও চার প্লাটুন বিজিবি সদস্য যুক্ত করা হয়েছে।

এক বিবৃতিতে বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সহিংসতার পর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি