বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
সকল বিভাগ

নুসরাতের বাড়িতে আগুন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তেজনা

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় সংসদে দফায় দফায় হট্টগোল হয়েছে। বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে একপর্যায়ে বক্তব্য থামিয়ে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী।

নুসরাতের বাড়িতে আগুন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তেজনা
ছবি: সংগৃহীত

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় সংসদে দফায় দফায় হট্টগোল হয়েছে। বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে একপর্যায়ে বক্তব্য থামিয়ে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংসদের বৈঠকের শুরুতে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন লাগানো হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। সেখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি বলে ধারণা করা হচ্ছে।

মাগরিবের নামাজের বিরতির পর আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভিডিও ফুটেজ ও তথ্যের কথা উল্লেখ করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখলে বোঝা যায়, বাইরে থেকে কোনো একটি বস্তু নিক্ষেপের পর মুহূর্তেই পুরো বাড়িতে আগুন জ্বলে ওঠে।

নাহিদ বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না কিংবা সেখানে শুধু গবাদিপশু রাখা হতো না; মানুষ সেখানে বসবাস করত। আগের রাতেও বাড়িটিতে লোকজন ছিলেন। কেয়ারটেকারের পরিবার ও নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন সেখানে থাকতেন। ওই ঘটনায় মানুষের প্রাণহানিও ঘটতে পারত।

তিনি আরও দাবি করেন, গত কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে তিনি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। তাই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন নাহিদ।

তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট শক্তির যেই উল্লাস আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে এবং কুষ্টিয়া জেলার আওয়ামী লীগ, তারা নিজেরাই এই দায় স্বীকার করেছে। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাদের দায়মুক্তি দিচ্ছেন এই সংসদে এসে।’

নাহিদ আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে, কত ঘণ্টার মধ্যে দোষীদেরকে উনি শনাক্ত করে গ্রেপ্তার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেখেছে, বিরোধী দলের একজন সংসদ সদস্য ও গণঅভ্যুত্থানের একজন নেত্রীর বাড়িতে আগুন লাগার ঘটনায় সরকার কী ধরনের আচরণ করছে।

নাহিদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি তথ্যসমৃদ্ধ স্টেটমেন্ট দিয়েছি। কালকে রাত্রে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ বললেন, আগুন লাগানো হয়েছে। তা তদন্ত কি শেষ হয়ে গেল মাননীয় স্পিকার?’

এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের উদ্দেশে বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় যদি একটু শুনেন খুশি হব। আপনারা পরে বক্তব্য রাখতে চাইলে স্পিকারের অনুমতি নিয়ে বলতে পারবেন।’

এরপর তিনি আবারও ঘটনার বিবরণ তুলে ধরে প্রাথমিক তদন্তে পেট্রোল বোমার কোনো চিহ্ন না পাওয়ার কথা বলেন। এতে বিরোধী দলের সদস্যরা আবারও প্রতিবাদ জানিয়ে হইচই শুরু করেন। সরকারি দলের কয়েকজন সদস্যও এ সময় হইচই করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি।’

ডেপুটি স্পিকার তাঁকে বক্তব্য চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে বিরোধী দলের সদস্যদের হট্টগোল চলতে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে না পেরে বসে পড়েন। এ সময় এনসিপির আব্দুল হান্নান মাসউদ ও মাহমুদা আলম মিতুসহ কয়েকজন সদস্য দাঁড়িয়ে মাইক ছাড়াই কথা বলতে থাকেন।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বারবার আব্দুল হান্নান মাসউদকে বসার অনুরোধ করেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। ওঁনাকে বক্তব্য দানে বাধা প্রদান করা কোনো অবস্থাতেই উচিত না। আপনারা বসেন, প্রয়োজনে আপনি আবার বলবেন।’

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বক্তব্য শুরু করেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বাড়িতে ছাগল থাকার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘এই বাড়িতে দুইটা ছাগল থাকত। এবং ছাগলগুলোর..।’ এ কথা বলার সঙ্গে সঙ্গেই বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কোথাও পেট্রোল বোমা যদি নিক্ষেপ করা হয় সেখানে একটা চিহ্ন থাকবে। সেটা আপনারা তদন্ত করেন। অন্য কোনোভাবে যদি কোনোভাবে আগুন লাগানো হয় সেটা তদন্তের পরে বলা যাবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘটনাটি দুঃখজনক। সেখানে নাশকতা বা পরিকল্পিতভাবে আগুন লাগানোর প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর দুর্ঘটনাবশত আগুন লাগলে তদন্ত প্রতিবেদনের পর তা জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে সরকারকে দোষারোপ করে বক্তব্য দেওয়া সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যদি ফ্যাসিবাদের দোসররা কোনোভাবে এখানে জড়িত হয়ে থাকে সেটাও ফাইন্ড আউট হবে। কিন্তু আমি ঢালাওভাবে আগের কালচারের মতো বলতে চাই না এখানে ওই ওই ওই জড়িত।’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।