বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
সকল বিভাগ

দৈনিক ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি, উৎপাদন ও আমদানি বাড়ানোর পরিকল্পনা

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে গড়ে উৎপাদিত হচ্ছে ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদা ও উৎপাদনের মধ্যে দৈনিক ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং নতুন টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

দৈনিক ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি, উৎপাদন ও আমদানি বাড়ানোর পরিকল্পনা
ছবি: সংগৃহীত

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে গড়ে উৎপাদিত হচ্ছে ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদা ও উৎপাদনের মধ্যে দৈনিক ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং নতুন টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, এলএনজি আমদানি, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণ।

দেশীয় গ্যাস অনুসন্ধানের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন গ্যাসের মজুত খুঁজতে বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ চালানো হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ইতোমধ্যে ব্লক ৭ ও ৯-এ ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি জরিপের উপাত্ত সংগ্রহ সম্পন্ন করেছে। এ ছাড়া অন্যান্য সম্ভাবনাময় এলাকাতেও জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩০-৩১ সাল নাগাদ চারটি গভীর কূপসহ মোট ১৫০টি কূপের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে, সাতটির কাজ চলছে এবং বাকি ১১১টির কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দৈনিক প্রায় ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে অফশোর মডেল পিএসসি ২০২৬-এর আওতায় ২৬টি সমুদ্র ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ। পাশাপাশি স্থলভাগে অনুসন্ধানের জন্য মডেল পিএসসি ২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

এলএনজি আমদানির বিষয়ে মন্ত্রী জানান, পেট্রোবাংলার সঙ্গে সাতটি বিদেশি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি মিলিয়ে মোট ১০টি এলএনজি সরবরাহ চুক্তি রয়েছে। এর মধ্যে সাতটি দীর্ঘমেয়াদি এবং তিনটি স্বল্পমেয়াদি। এ ছাড়া ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করা হচ্ছে।

তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় ৪৩টি এলএনজি কার্গোর সরবরাহে অনিবার্য প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়াতে মহেশখালীতে ২০২৮ সালের মধ্যে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং মাতারবাড়ীতে ২০৩০ সালের মধ্যে ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি টার্মিনাল চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এগুলো চালু হলে মোট রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট এবং সংরক্ষণ সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন ভাসমান টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে।

এলএনজি আমদানির অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সহায়তায় তিনটি ব্যাংকের মাধ্যমে সাত বছর মেয়াদি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সুবিধা নেওয়া হয়েছে।

এ ছাড়া ভোলার অব্যবহৃত গ্যাস এলএনজিতে রূপান্তর করে দেশের মূল ভূখণ্ডের শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান জ্বালানিমন্ত্রী।