রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবহনের মালিক-শ্রমিকেরা। গত ৬ ও ৭ নভেম্বর ঢাকা ও আন্তজেলা রুটে চলাচলকারী ছয়টি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
এ বিষয়ে রোববার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে চিঠি পাঠিয়েছে সংগঠনটি। পুলিশ সদর দপ্তরে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, দুর্বৃত্তরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে পরিবহনমালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবে পুলিশ।
এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে নাশকতা এবং জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা হিসেবে দেখছে পুলিশ। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে ডিএমপি।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেন, একটি গোষ্ঠী নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
রোববার রাজধানীর মিন্টো রোডে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আকতার হোসেন জানান, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন এবং একটি রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন।