রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

ভাটারায় স্কুলের পার্কিংয়ে থাকা বাসে আগুন, গান পাউডার ব্যবহারের অভিযোগ

রাজধানীর ভাটারায় সড়কের পাশে পার্কিং করে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ভাটারায় স্কুলের পার্কিংয়ে থাকা বাসে আগুন, গান পাউডার ব্যবহারের অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় সড়কের পাশে পার্কিং করে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ভাটারা থানা পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসে আগুন লাগার খবর পায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায় জানান, খবর পাওয়ার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তখনও ঘটনার বিস্তারিত জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হলুদ রঙের স্কুল বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।”

এ নিয়ে দুই দিনে ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেল। শনিবার রাতে মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ১০টার দিকে ওই ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পর মহাখালী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে বলা হয়, জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে।