শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির

সরকারের ভালো কাজের প্রতি সমর্থন জানালেও ভুল ও অনিয়মের সমালোচনা করতে বিরোধী দল পিছপা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চায় জামায়াত। সরকারের প্রতিটি সিদ্ধান্তে সমর্থন জানানো কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি—কোনোটিই তাঁদের লক্ষ্য নয়।

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির

সরকারের ভালো কাজের প্রতি সমর্থন জানালেও ভুল ও অনিয়মের সমালোচনা করতে বিরোধী দল পিছপা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চায় জামায়াত। সরকারের প্রতিটি সিদ্ধান্তে সমর্থন জানানো কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি—কোনোটিই তাঁদের লক্ষ্য নয়।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি, প্রশাসনের দলীয়করণ, গণমাধ্যম, প্রবাসীদের অধিকার ও জাতীয় রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘একটার পর একটা অঘটন ঘটবে, আর আমরা কি বসে থাকব? ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন?’ অতীতে এমন রাজনৈতিক পরিস্থিতি ছিল, যেখানে সরকারি দলের সবকিছুকে ভালো এবং বিরোধী দলের সবকিছুকে খারাপ হিসেবে তুলে ধরা হতো বলে উল্লেখ করেন তিনি। এমনকি সরকারি দল কিছু বলার আগেই বিরোধী দল সমর্থন জানিয়ে দিত বলেও মন্তব্য করেন।

বর্তমানে প্রধান বিরোধী দলের দায়িত্বে থেকে তাঁদের ভূমিকা নিয়ে তিনি বলেন, কেউ চান বিরোধী দল ভাঙচুরের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করুক। অন্যদিকে, সরকারি দল চায় তাদের সব কর্মকাণ্ডে বিরোধী দল সমর্থন জানাক। তবে তাঁরা এ দুই অবস্থানের কোনোটিই গ্রহণ করতে চান না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াতের আমির বলেন, পুলিশের মধ্যে অনেক দায়িত্বশীল ও দেশপ্রেমিক কর্মকর্তা রয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে মন্ত্রীর আরও মনোযোগী হওয়া উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

জেলা পরিষদে রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব দেওয়া এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দলীয়করণের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান প্রশ্ন করেন, জেলা পরিষদে রাজনৈতিক ব্যক্তিদের পরিবর্তে সাময়িকভাবে প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হলো না কেন।

দুর্নীতি ও চাঁদাবাজিকে রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা কোনো দলের প্রকৃত সম্পদ নন; বরং তাঁরা সংশ্লিষ্ট দলকে ক্ষতিগ্রস্ত করেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

অনেক সংসদ সদস্য ও মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলেও যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তাঁর ভাষ্য, নীতির প্রশ্নে কাউকে বিশেষ গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। কেউ ভুল করলে তাঁকে সংশোধনের সুযোগ দিতে হবে, কিন্তু অপরাধ করলে ছাড় দেওয়া উচিত নয়।

নিজ দলের এক সংসদ সদস্যকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ওই সংসদ সদস্যকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে তাঁদের ২৪ ঘণ্টাও সময় লাগেনি। তাঁর সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, দেশের কোথায় কী ঘটছে, তা সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যায়। তবে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে সংবাদমাধ্যমেরও দায় থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের আরও সাহসী ও নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের চারটি চোখ থাকতে হবে। দেশের স্বার্থে গণমাধ্যমকে আরও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে হবে।

দেশকে সবার উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বহুমাত্রিক সমাজ ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় পারস্পরিক সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সব রাজনৈতিক দল ও ধর্মের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা।

সম্প্রতি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের মানুষ ভালো থাকলে সবাই ভালো থাকবে। রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থে কাজ করা। ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা তাঁদের মূল লক্ষ্য নয়; বরং দেশবাসীর ভালো থাকাই প্রধান লক্ষ্য।

সৌদি আরবের কারাগারে সাত হাজারের বেশি বাংলাদেশি বন্দী রয়েছেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, সৌদি আরবের আইন অনুযায়ী তাঁদের বিচার হবে। তবে এসব বন্দীর বিষয়ে বাংলাদেশ সরকারকে অবহিত করা প্রয়োজন, যাতে তাঁরা ন্যায়বিচার পাচ্ছেন কি না, তা জানা যায়।

বিমানবন্দরে লাগেজ পেতে আগের তুলনায় সময় কমে আসার বিষয়টি উল্লেখ করে প্রবাসীদের আন্দোলনের সফলতার কথাও বলেন ডা. শফিকুর রহমান। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির জানান, তাঁরা জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন না। অতীতেও তাঁরা এভাবে নির্বাচন করেননি। আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।