মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, সমর্থন ৬০ শতাংশ দাবি

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত একাধিক জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার চিত্র উঠে এসেছে। তবে এসব জরিপের ফলাফল প্রত্যাখ্যান করে ট্রাম্প দাবি করেছেন, মার্কিন জনগণের মধ্যে তাঁর প্রকৃত সমর্থন প্রায় ৬০ শতাংশ। একই সঙ্গে তাঁকে নির্বাচনে হারানো সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, সমর্থন ৬০ শতাংশ দাবি

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত একাধিক জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার চিত্র উঠে এসেছে। তবে এসব জরিপের ফলাফল প্রত্যাখ্যান করে ট্রাম্প দাবি করেছেন, মার্কিন জনগণের মধ্যে তাঁর প্রকৃত সমর্থন প্রায় ৬০ শতাংশ। একই সঙ্গে তাঁকে নির্বাচনে হারানো সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারের সাংবাদিক বাইরন ইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ইয়র্ক রিয়েলক্লিয়ারপলিটিকসের বিভিন্ন জনমত জরিপের গড় ফলাফল তুলে ধরেন। এসব জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব পালনে সন্তুষ্ট ৩৮ দশমিক ৮ শতাংশ মার্কিন নাগরিক। অন্যদিকে অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৬০ দশমিক ৪ শতাংশ।

জরিপের এই ফলাফল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সরাসরি একে ‘ভুয়া’ বলে আখ্যা দেন। তাঁর প্রকৃত জনসমর্থন কত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জরিপে তাঁর সমর্থন ৩৭ বা ৩৮ শতাংশ দেখানো হলেও তিনি ওই পর্যায়ে নেই।

ট্রাম্প বলেন, তাঁর মনে হয় না কেউ তাঁকে হারাতে পারবে। প্রয়োজন হলে, যদিও বর্তমানে সে প্রয়োজন নেই, তাঁর সমর্থন ৬০ শতাংশে পৌঁছাত বলেও দাবি করেন তিনি।

তবে সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে ট্রাম্পের দাবির বিপরীত চিত্র দেখা গেছে। গত ১৬ থেকে ১৯ অক্টোবর পরিচালিত রয়টার্স-ইপসোসের এক জরিপে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন ৩৪ শতাংশ মার্কিন নাগরিক। বিপরীতে ৬৫ শতাংশ উত্তরদাতা তাঁর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

এ ছাড়া ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত পিউ রিসার্চ সেন্টারের জরিপে ট্রাম্পের প্রতি সমর্থনের হার ছিল ৩০ শতাংশ। তাঁর দায়িত্ব পালনে অসন্তুষ্টি জানিয়েছেন ৬৮ শতাংশ উত্তরদাতা।

এ সপ্তাহে প্রকাশিত নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজের জরিপেও ট্রাম্পের প্রতি সমর্থনের হার পাওয়া গেছে ৩৪ শতাংশ। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের জনসমর্থন এতটা কম থাকার নজির সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৪৬ সালে। ওই সময় প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের প্রতি সমর্থন ছিল ৩৩ শতাংশ।

এদিকে, জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েজউড রিসার্চের মনগড়া ফলাফল তৈরির বিষয়টি সামনে আসায় জরিপের নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের জনসমর্থনের গড় হিসাব তৈরিতে বিতর্কিত ওই জরিপের তথ্য ব্যবহার করা হয়নি।

নিজের জনপ্রিয়তার পক্ষে সিএনএনের প্রধান তথ্য বিশ্লেষক হ্যারি এনটেনের একটি বিশ্লেষণ তুলে ধরেছেন ট্রাম্প। ওই বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা সমর্থক রিপাবলিকানদের ৯৯ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরেও এই গোষ্ঠীর মধ্যে তাঁর প্রতি সমর্থন ছিল ৯৮ শতাংশ।

ট্রাম্প বলেন, তাঁর ধারণা, বর্তমানে সমর্থনের হার ৬০ শতাংশের ঘরে থাকবে। রিপাবলিকান পার্টির মধ্যে তাঁর জনপ্রিয়তা অনেক বেশি বলেও দাবি করেন তিনি।

তবে এনটেনের বিশ্লেষণে মূল্যস্ফীতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে জনঅসন্তোষ বাড়ার চিত্রও উঠে এসেছে। ২০২৪ সালে এ বিষয়ে সন্তুষ্টি ও অসন্তুষ্টির ব্যবধান ট্রাম্পের পক্ষে ৮ শতাংশ পয়েন্ট থাকলেও বর্তমানে তা কমে ঋণাত্মক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ ছাড়া রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক আরেকটি জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন কমে ৩১ শতাংশে নেমে এসেছে, যা তাঁর দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। এ পরিস্থিতিকে ট্রাম্পের জন্য ‘পাঁচ মাত্রার ভয়াবহ বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন এনটেন।

তা সত্ত্বেও রিপাবলিকান সমর্থকদের মধ্যে নিজের জনপ্রিয়তার চিত্র তুলে ধরায় সিএনএনের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেন, তাঁকে নিয়ে সংবাদমাধ্যমটি বেশ কয়েকটি ভালো জরিপ করেছে। সিএনএন এ ধরনের জরিপ চালিয়ে গেলে তাদের আরও বেশি পছন্দ করবেন বলেও মন্তব্য করেন তিনি।