শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

প্রথম সন্তানের মুখ দেখা হলো না, বিয়েবাড়িতে মদ্যপানের পর অটোরিকশাচালকের মৃত্যু

ঢাকার কদমতলী এলাকায় বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে রনি হোসেন (৩৭) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রথম সন্তানের মুখ দেখা হলো না, বিয়েবাড়িতে মদ্যপানের পর অটোরিকশাচালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকার কদমতলী এলাকায় বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে রনি হোসেন (৩৭) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রনিকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর ফুফাতো ভাই রবিউল্লাহ। তিনি বলেন, ১৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রনি একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে তিনি প্রচুর পরিমাণে মদ্যপান করেন। এরপর থেকে দুই দিন ধরে বাসায় অসুস্থ অবস্থায় ছিলেন।

রবিউল্লাহ আরো বলেন, শুক্রবার সকালে রনির শারীরিক অবস্থার অবনতি ঘটে। সকাল থেকেই তিনি বলছিলেন, ‘ভালো লাগছে না আমার’। পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

রনি কদমতলীর ধোলাইপাড় বাজার এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। দুই বছর আগে লাইজু নামের এক নারীকে বিয়ে করেন তিনি। চলতি মাসেই তাঁদের প্রথম সন্তানের জন্ম নেওয়ার কথা ছিল।

রনির ছোট বোন রানু বলেন, প্রথম সন্তানের মুখ দেখার আগেই তাঁর ভাই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এ মাসেই তাঁর ভাই ও ভাবির প্রথম সন্তান জন্ম নেওয়ার কথা।

আক্ষেপ প্রকাশ করে রানু বলেন, “কী জীবন হায়রে, নিজের সন্তানের মুখটাও দেখতে পেল না! এমন জীবন যেন কারও না হয়। আমার বাবা-মা নাই, আমার ভাই আর আমি ছিলাম। ভাইকে হারিয়ে আমি একা হয়ে গেলাম।”

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রনির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।