রাজধানীর রামপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে ঢুকে গুলি করেছে একদল ব্যক্তি। শনিবার রাতের এ ঘটনায় কেউ হতাহত হননি। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিল থানার রামপুরা অংশে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, একদল ব্যক্তি ওই কার্যালয়ে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে।
প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন ওই কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করা হয়েছিল। এবার একই এলাকার আরেকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটল।
এ ছাড়া গত ৯ জুন রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’-এর প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গত ১৪ জুন ঢাকায় সংবাদ সম্মেলন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সেখানে সংগঠনটি মোহাম্মদপুর, বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার তথ্য তুলে ধরে।