শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

মিরপুরে চলন্ত বাসে আগুন, পুড়েছে অধিকাংশ

রাজধানীর মিরপুর ১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

মিরপুরে চলন্ত বাসে আগুন, পুড়েছে অধিকাংশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১ নম্বরের দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে বাসটিতে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম বলেন, “চলন্ত বাসটিতে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে চলে যায়। এতে কেউ হতাহত হয়নি।”

বাসটির চালক ও হেলপারকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় পুলিশের একটি পরিত্যক্ত পিকআপে আগুন লাগে।