আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের কাছে বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৯ জন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এক বিবৃতিতে বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, স্কুলটির কাছে খনি কোম্পানিগুলোর গুদামে মজুত করে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনি রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
আব্দুল মতিন কানি জানান, প্রদেশটির আসাদাবাদ জেলার আন্দারসির এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪২ শিশু আহত হয়েছিল বলে জানিয়েছিল দেশটিতে জাতিসংঘের সহায়তা মিশন। আহত শিক্ষার্থীদের বয়স ছিল ১০ থেকে ১৪ বছরের মধ্যে। তবে কুনারের বিস্ফোরণে হতাহত শিক্ষার্থীদের বয়স সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।