ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, অসহায় কৃষক বা সাধারণ নাগরিক যেন তাঁদের প্রাপ্য ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, সে দায়িত্ব সংশ্লিষ্ট কর্মীদের নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণের বাস্তবায়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী মিনু আরও বলেন, ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে হবে। জমি নিয়ে দ্বন্দ্ব ও অসন্তোষ দূর করতে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কাঠামো গড়ে তোলা প্রয়োজন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির সহায়তায় ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণের মাধ্যমে আগামী দিনে নাগরিকদের জন্য নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও অসহায় কৃষকদের প্রতি মানবিক আচরণ প্রদর্শনের নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো নাগরিক যেন হয়রানির মুখে না পড়েন এবং ভূমিদস্যুরা যেন কোনোভাবেই সুযোগ বা প্রশ্রয় না পায়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।
নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতার দৃষ্টান্ত তুলে ধরে ভূমিমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয়ে প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। কোনো প্রকার অবৈধ অর্থের লেনদেন ছাড়াই স্বচ্ছ নিয়মে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এমন পদক্ষেপের ফলে ভূমি মন্ত্রণালয়ের ওপর সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, কেবল ভূমির তথ্য ডিজিটাল রূপ দিলেই দায়িত্ব শেষ নয়; বরং তথ্যের সঠিকতা যাচাই, নির্ভুলতা নিশ্চিতকরণ এবং নিয়মিত তা হালনাগাদ করাও সমান গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ ও পেশাদারিত্ব বজায় রেখে নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার ওপর তিনি জোর দেন।