মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার হুঁশিয়ারিকে তেহরান কোনো গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। পাশাপাশি যেকোনো ধরনের সামরিক আক্রমণের পাল্টা জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি।
এর আগে মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেছিলেন, চলমান কূটনৈতিক আলোচনা থেকে কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে পুনরায় বড় পরিসরে সামরিক অভিযান শুরু করার কথা তিনি ভাবছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি স্পষ্ট করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি পুনরায় কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী শত্রুপক্ষের শত্রুতামূলক আচরণের জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের জন্য কোনো ভৌগোলিক সীমারেখা প্রযোজ্য হবে না।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশ্বের যে প্রান্তের যে দেশ থেকেই ইরানের বিরুদ্ধে হুমকির সৃষ্টি হোক না কেন, সেই স্থানটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে এবং সেখানে সরাসরি আঘাত হানা হবে।
সূত্র: আল জাজিরা