গাজীপুরের ভোগড়া এলাকায় এক পোশাকশ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর দিনভর বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। তবে যাঁকে ঘিরে এই গুজব, সেই নারী শ্রমিক নিজেই থানায় হাজির হয়ে জানিয়েছেন, তিনি জীবিত ও সুস্থ আছেন। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি গুজব বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
ওই নারী শ্রমিকের নাম দিলরুবা আক্তার। তিনি ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সুইং অপারেটর। তাঁর বাবা নগরের ডেগেরচালা এলাকার বাসিন্দা দুলাল হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দিলরুবা আক্তার কারখানার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় যান। সেখানে তিনি নিজের সুস্থতার কথা জানান এবং দুপুরে তাঁর ওপর হামলার ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, রাত ১০টার দিকে কারখানার কর্মকর্তাদের সঙ্গে থানায় আসেন ওই নারী শ্রমিক। এ সময় তিনি বলেন, ‘স্যার, আমি মরি নাই। আমি বেঁচে আছি, সুস্থ আছি।’ পরে রাত সাড়ে ১১টার দিকে তিনি থানা থেকে বাসায় ফিরে যান।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফিন বাংলা অ্যাপারেলসের সামনে বহিরাগত ব্যক্তিদের বাধা ও ধাক্কাধাক্কিতে আহত হন দিলরুবা আক্তার। এরপর তাঁকে ঘিরে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা ছয়টার দিকে কারখানার সামনে ২৫০ থেকে ৩০০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়। পরে দিলরুবা নিজেই কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় থানায় গিয়ে সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানান দিলরুবা আক্তার ওরফে মিলি। এ সময় তিনি দুপুরে নিজের ওপর হামলার ঘটনার বিবরণ দেন।
থানায় দিলরুবা জানান, মঙ্গলবার মধ্যাহ্নবিরতির পর কর্মস্থলে যাওয়ার পথে কয়েকজন বহিরাগত ব্যক্তি তাঁর ওপর হামলা করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার মধ্যাহ্ন বিরতির পর অফিসে যাওয়ার পথে কিছু বহিরাগত লোকজন হামলা করে। তখন আমি বলি, আমি প্রেগন্যান্ট (অন্তঃসত্ত্বা), আমাকে ছেড়ে দেন। তারা আমাকে ছেড়ে দেয়নি; আমার কাছ থেকে অফিসের পরিচয়পত্র নিয়ে যায়। এখন অনেকে গুজব ছড়াচ্ছে আমি মারা গেছি। কিন্তু আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।’