বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন শুল্কের আওতায় চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। অন্য ১২টি দেশ ও অঞ্চলের পণ্যে শুল্কের হার রাখা হয়েছে ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে।
বুধবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে নতুন করে এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আমদানি করা পণ্যের ওপর আরোপিত এসব শুল্ক দেশটির বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর প্রভাব ফেলবে।
গত মার্চে হোয়াইট হাউস অন্যান্য দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ট্রাম্পের পূর্বঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করে তা আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
নতুন শুল্কের ফলে কয়েকটি দেশের ক্ষেত্রে আগের তুলনায় শুল্কের হার কমতে পারে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতায় পৌঁছেছেন।
নতুন শুল্কের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।
মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক কর্মকাণ্ড তদন্তের ভিত্তিতে এই শুল্ক আরোপ করা হয়েছে। এ ধারার আওতায় বিদেশি সরকারগুলোর বাণিজ্যিক আচরণ ও নীতিমালা পর্যালোচনা করা হয়। এসব নীতি ও কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা তদন্ত করে দেখা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে একাধিকবার বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং শুল্ক আরোপ করেছেন। তাঁর মতে, এ ধরনের বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্পকে শক্তিশালী করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।