বুধবার, 25 নভেম্বর 2026
সকল বিভাগ

টুঙ্গিপাড়ায় বিএনপির আরও ৬ নেতার একযোগে পদত্যাগের ঘোষণা

সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির আরও ৬ নেতা একযোগে পদত্যাগ ও ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ডে না থাকার ঘোষণা দিয়েছেন।

টুঙ্গিপাড়ায় বিএনপির আরও ৬ নেতার একযোগে পদত্যাগের ঘোষণা
সাংগঠনিক কর্মকাণ্ড ও দলীয় কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির আরও ছয়জন নেতা পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, সদস্য মো. আফজাল শেখ এবং মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের সাংগঠনিক পরিবেশ ও কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট হতে পারছেন না। এই পরিপ্রেক্ষিতে প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ কিংবা সহযোগী সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলেও স্পষ্ট করেন তারা।

এ ঘটনা প্রসঙ্গে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরপর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, এর আগে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মোট ১৩ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন আয়োজন করে এবং ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।