আগামী ডিসেম্বরে পর্দা উঠতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরের। ১৭ ডিসেম্বর শুরু হয়ে সাত দিনব্যাপী এই আয়োজন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো আয়োজিত এই আসরে থাকছে নানা বৈচিত্র্য ও চমক।
উৎসব কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের আসরে ভারতের চলচ্চিত্র অঙ্গনের প্রথম সারির একাধিক তারকা অংশ নেবেন। তামিল সিনেমার কিংবদন্তি রজনীকান্ত এবং তেলুগু তারকা প্রভাসের উপস্থিতির বিষয়টি আগেই নিশ্চিত হয়েছিল। পাশাপাশি উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, বলিউড থেকে অনুপম খের ও কঙ্গনা রানাওয়াতের মতো অভিনয়শিল্পীরাও এই আয়োজনে যোগ দেবেন।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আমন্ত্রিত অতিথিদের তালিকায় এবার যুক্ত হয়েছেন বলিউড তারকা সালমান খান। এর মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর পর আবারও কলকাতার মাটিতে পা রাখবেন এই অভিনেতা। এর আগে সর্বশেষ ২০২৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে অনুষ্ঠিত উৎসবে অংশ নিয়ে তিনি আয়োজনের ভূয়সী প্রশংসা করেছিলেন। এবার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও নতুন ব্যবস্থাপনায় সালমান খান কী প্রতিক্রিয়া জানান, তা দেখার অপেক্ষায় রয়েছেন তার অসংখ্য অনুরাগী।
স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠুন চক্রবর্তী জানান, আসন্ন আসরে ফিল্ম বাজারের প্রচারণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে উৎসব কমিটির সময়সূচি এবং সদস্যদের দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থানগুলোকে উৎসবের আমেজে সাজিয়ে তোলা হবে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকেও খ্যাতিমান অতিথিদের আমন্ত্রণ জানানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবং এশিয়ান কম্পিটিশন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতাসেন’।