বুধবার, 25 নভেম্বর 2026
সকল বিভাগ

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের অধিক প্রবেশাধিকার চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সাক্ষাৎকালে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের অধিক প্রবেশাধিকার এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রুশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের অধিক প্রবেশাধিকার চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাশিয়ার বাজারে বাংলাদেশের আরও বেশি পণ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অনুরোধ জানান।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত ও বৈচিত্র্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রাশিয়া থেকে গম ও সার আমদানির প্রসঙ্গ টেনে রুশ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করে দেখার জন্য রুশ উদ্যোক্তাদের প্রতি আমন্ত্রণ জানান তিনি।

আলোচনায় বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের সর্বশেষ বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত কার্যকর করার বিষয়ে তাগিদ দেন প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে বর্তমানে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলো অচিরেই চূড়ান্ত রূপ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উভয় পক্ষ দক্ষ জনশক্তি রপ্তানি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। এর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান এবং অ্যাকাডেমিক বিনিময় কর্মসূচির বিষয়গুলোও স্থান পায়।

বৈঠকে ঢাকার রুশ দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার বা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ করার জন্য রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান হুমায়ুন কবির।

জবাবে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানান, মস্কো ঢাকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা খাতে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।