ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে থানা হাজতে শ্লীলতাহানি ও আলিঙ্গনের অনুরোধ করার অভিযোগ তুলেছেন কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনি। সম্প্রতি তাঁদের একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি। ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করলেও তিনি দাবি করেছেন, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন।
ছড়িয়ে পড়া অডিওতে ওসিকে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে তাসকিরা তানিন সনিকে তাঁর বাসায় যেতে বলতে শোনা যায়। এ জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তাঁর বাংলোতে যাওয়ার কথা বলেন তিনি। ওসিকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
নারী নেত্রী সেখানে যেতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে ওই নারী নেত্রী তাঁকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।
ফোনালাপের অন্য অংশে তাসকিরা তানিন সনিকে তাঁর বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিন পেতে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির বিষয়ে কথা বলতে শোনা যায়। এ ছাড়া তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
অন্যদিকে ওসি তাঁকে রাজনীতি, ব্যক্তিস্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসিকে বলেছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি।
গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁদের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর দেওয়া ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার অনুরোধ করেছেন। এসব অভিযোগের প্রতিকার দাবি করেন তিনি।
অন্যদিকে ওসি ফয়জুল আজিম নোমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি আদালতের নির্দেশে ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।