ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন—এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কৌতুকপূর্ণ ভঙ্গিতে তিনি বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা বা অন্য কেউ আসছেন না, আসছে শুধু শীত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা কখনো দেশে ফিরলে তা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় হতে হবে। তিনি বলেন, ‘আমি আগেই সিলেটে এক সভায় বলেছি—শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না...ডিসেম্বরে কেউ আসবে না, কেবল শীত আসবে। যদি তাঁকে ফিরিয়ে আনতেই হয়, তবে তা আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে—হতে পারে উড়োজাহাজে হাতকড়া পরিয়ে কিংবা আইনি নজরদারির মাধ্যমে। এটিই তাঁর ফেরার একমাত্র আইনি উপায়।’
হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনা কোনো সাধারণ বেসামরিক যাত্রী নন; তিনি একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। সাধারণ ভ্রমণকারী এবং ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হতে পারে না। বাংলাদেশ সরকার এরই মধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব আইনি আবেদন ও নথি পাঠিয়েছে। এখন ভারতের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে ঢাকা।
শেখ হাসিনাকে অপরাধী আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং নিজের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা দেখাননি। তিনি আরও জানান, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদেরও একই প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বিষয়ে পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর কথিত মন্তব্যের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বিশ্বরাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘বিশ্বের সব দেশের রাজনীতিতেই কিছু উন্মাদ বা অসংলগ্ন মানুষ থাকে। আমাদের কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে এবং থাকবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।’
এ ধরনের মন্তব্যকে দ্বিপক্ষীয় সম্পর্কের মূলধারা থেকে আলাদা রেখে ভারত ও বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর প্রস্তাবিত ‘সেকশন ৩০১’ শুল্কনীতি এবং মার্কিন বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) সাম্প্রতিক প্রতিবেদন নিয়েও কথা বলেন তিনি।
ট্রাম্প প্রশাসনের এ উদ্যোগকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘প্রস্তাবিত কিছু শর্ত বা ধারার বিষয়ে বাংলাদেশের নীতিগত আপত্তি রয়েছে। আমরা ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে আমাদের যুক্তি ও অবস্থান স্পষ্ট করে তুলে ধরব। এখানে আলোচনার সুযোগ রয়েছে।’
তুলা আমদানির উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তুলা আমদানি করে। সেই তুলা দিয়ে দেশের কারখানাগুলোতে পোশাক তৈরি করা হয়, পরে সেসব পোশাক আবার যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা হয়।
তিনি বলেন, দুই দেশের এ পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক শুল্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। এ ছাড়া আগামী ২৬ জানুয়ারি মার্কিন ট্রেড রিপ্রেজেনটেটিভের নির্ধারিত গণশুনানিতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নিজেদের যুক্তি তুলে ধরবে।
উল্লেখ্য, ইউএসটিআরের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ধরে রাখা, রপ্তানি প্রণোদনা দেওয়া, পর্যাপ্ত শ্রম সুরক্ষার অভাব এবং বাজার অর্থনীতিবহির্ভূত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণ দেখিয়ে নতুন শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশই যুক্তরাষ্ট্রের এ শুল্কনীতির মুখোমুখি হচ্ছে। আলোচনার মাধ্যমেই বাংলাদেশ এর একটি ন্যায্য সমাধান খুঁজবে।