বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের দুটি শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে নিজের মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ঘোষিত শেয়ারগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে নিজের মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ঘোষিত শেয়ারগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এ ঘোষণা দেন মাস্ক। তিনি জানান, প্রতিটি শিশু স্পেসএক্সের কাছ থেকে একটি এবং তাঁর ব্যক্তিগত মালিকানা থেকে আরেকটি শেয়ার পাবে।

এর আগে বুধবার স্পেসএক্স জানায়, বর্তমানে সক্রিয় প্রতিটি ট্রাম্প অ্যাকাউন্টের বিপরীতে প্রতিষ্ঠানটি তাদের ক্লাস এ কমন স্টকের নতুন ইস্যু করা একটি করে শেয়ার দেবে। মাস্কও প্রতিষ্ঠানটির দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির লক্ষ্য যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ করে দেওয়া, যাতে তারা অল্প বয়স থেকেই সম্পদ গড়ে তোলার সুযোগ পায়। গত মাসে হোয়াইট হাউস জানিয়েছিল, এ কর্মসূচির আওতায় প্রায় ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

বুধবার লেনদেন শেষে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ ডলার ৪৪ সেন্ট। সে হিসাবে মাস্কের ঘোষিত শেয়ারগুলোর মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার।

তবে মাস্কের ব্যক্তিগত মালিকানা থেকে দেওয়া শেয়ারও ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমে বিতরণ করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে দ্য গার্ডিয়ান স্পেসএক্সের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব পায়নি।

পৃথক আরেকটি পোস্টে মাস্ক জানান, আগামী মাসে স্পেসএক্সের শেয়ারগুলো হস্তান্তর করা হবে। তবে তাঁর ব্যক্তিগত শেয়ার দেওয়া হবে পরে। তিনি লেখেন, ‘আমার কাছ থেকে সরাসরি দেওয়া শেয়ারগুলো আগামী বছরের জুনে আমার শেয়ার বিক্রির ওপর থাকা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে হস্তান্তর করা হবে।’

গত অক্টোবরেও যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মাস্ক। সে সময় এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছিলেন, ‘এটি হবে অনেক কিছুর মধ্যে প্রথম উদ্যোগ।’

গত জুন পর্যন্ত স্পেসএক্সের প্রায় ৬৪২ কোটি শেয়ারের মালিক ছিলেন মাস্ক। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৮২ হাজার ৪০০ কোটি ডলার।

মাস্কের অধিকাংশ জনহিতকর কার্যক্রম পরিচালিত হয় ‘মাস্ক ফাউন্ডেশন’-এর মাধ্যমে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এ ফাউন্ডেশনের সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার।

এর আগে গত অক্টোবর মাসে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তাঁর স্বামীও ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে নিজেদের স্পেসএক্স শেয়ারের একটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসা থেকে অর্জিত সম্পদ জনকল্যাণে ব্যবহারের বিষয়ে সম্প্রতি পরিকল্পনার কথা জানিয়েছে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এবং তাদের প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানি অ্যানথ্রপিক।

চলতি মাসের শুরুতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যানথ্রপিক জানিয়েছে, তারা নিজেদের ৫ শতাংশ শেয়ার জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য একটি নতুন তহবিলে দেবে। বর্তমান বাজারদর অনুযায়ী, এসব শেয়ারের মূল্য প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলার। প্রতিষ্ঠানটির ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে মানবতার কল্যাণে অনুদান দেওয়ার ক্ষেত্রে তাদের সুযোগ ও কার্যক্রমের পরিসর বাড়বে।

বিশ্বের বড় দাতাদের মধ্যে রয়েছেন বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ইমেরিটাস ওয়ারেন বাফেট। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এ পর্যন্ত প্রায় ৬ হাজার কোটি ডলার দান করেছেন। তাঁর ১৫ হাজার কোটি ডলারের সম্পদের অধিকাংশও দান করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ বিতরণ করেছে। এ অর্থের একটি অংশ এসেছে বাফেটের অনুদান থেকে।