বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের এমন অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে যুদ্ধের মানসিকতা পরিহার করে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ এসেছে।

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের এমন অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে যুদ্ধের মানসিকতা পরিহার করে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ এসেছে। এদিকে নতুন করে ইরানে হামলার প্রয়োজনীয়তা এবং এর পেছনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ইসরায়েলের ভেতরেই প্রশ্ন উঠেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের হুমকি মোকাবিলায় ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ স্বাধীনভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই সম্পূর্ণ এককভাবে যে কোনও মুহূর্তে শক্তি দিয়ে আঘাত হানতে প্রস্তুত আছি।”

ইসরায়েলের এমন কঠোর অবস্থানের বিপরীতে ওয়াশিংটন চাইছে, দেশটি যেন যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে আঞ্চলিক নিরাপত্তাকে গুরুত্ব দেয় এবং অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময়ে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান এবং তেহরানের সম্ভাব্য আকস্মিক হামলার আশঙ্কার খবর সামনে আসে।

বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করা, সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা এবং পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশকে সংঘাতে জড়িয়ে ফেলা ইরান যুদ্ধের নয় মাস পর নতুন করে প্রশ্ন উঠেছে—নেতানিয়াহু যখন সামরিক পদক্ষেপের জন্য চাপ দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে, তখন ওয়াশিংটন কি ইসরায়েলকে কূটনীতির পথে পরিচালিত করতে পারবে?

‘কান’-কে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এককভাবে হামলা চালানোর প্রস্তুতির কথা জানানোর পাশাপাশি বলেন, “ইরান ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকে এখনও সরে আসেনি।” তবে ইসরায়েলের সাধারণ মানুষের জন্য সামরিক নির্দেশিকায় কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানান তিনি।

খবর পাওয়া যাচ্ছে, নেতানিয়াহু নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের সমর্থন পেতে চাপ সৃষ্টি করছেন। এ পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরতে চলতি মাসের শুরুতে তিনি মোসাদপ্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যেই এ বৈঠক ডাকা হয়। তবে ইরানে নতুন করে অভিযান চালানোর বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বার্তা

এমন পরিস্থিতিতে মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরায়েলের আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভিন্ন ধরনের মূল্যায়ন তুলে ধরেছেন।

জার্মান ব্যবসায়ী মাথিয়াস ডফনারের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরায়েলের উচিত যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোনিবেশ করা।

এর দুই দিন আগে ‘নিউইয়র্ক ম্যাগাজিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছিলেন, গাজা নিয়ে ইসরায়েল তাদের নীতি পরিবর্তন না করলে বিশ্বে দেশটি একঘরে হয়ে পড়বে। ওই সতর্কবার্তার পরই কুশনার নতুন করে যুদ্ধের মানসিকতা পরিহারের আহ্বান জানালেন।

তবে ইসরায়েলকে যুদ্ধের মানসিকতা থেকে সরে আসার পরামর্শ দেওয়ার অর্থ এই নয় যে, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছে। একই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে কুশনার বলেন, ট্রাম্প ‘সবসময় তার সব বিকল্প পথ খোলা রাখেন’।

ইরানে নতুন হামলার জন্য কেন চাপ দিচ্ছেন নেতানিয়াহু?

নেতানিয়াহুর দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার আগ্রহের পেছনে মূলত তিনটি কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। এগুলো হলো নিরাপত্তাজনিত উদ্বেগ, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়ার সুযোগ কমে আসার আশঙ্কা এবং দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু মনে করেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মজুত ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নতুন করে গড়ে তুলছে। তাঁর ধারণা, দেশটি এখনো আরও সামরিক হামলার মুখে দুর্বল অবস্থায় রয়েছে।

নেতানিয়াহু ইরানে নতুন করে হামলার বিষয়ে সমর্থন দিতে ট্রাম্পের ওপর বারবার চাপ দিয়ে আসছেন। এর অংশ হিসেবে সাম্প্রতিক বৈঠকগুলোতে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামনে ইরানসংক্রান্ত ইসরায়েলি গোয়েন্দা তথ্য উপস্থাপন করেছেন মোসাদপ্রধান রোমান গোফম্যান।

তবে ইসরায়েলের ভেতরেই নতুন করে ইরানে হামলার বিষয়ে তাড়াহুড়ো করা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পাওয়া যাচ্ছে, দেশটির সেনাপ্রধান ইয়াল জামির এবং মোসাদের অভ্যন্তরীণ গবেষকেরা এখনই ইরানে আরেকটি সামরিক অভিযান চালানোর জরুরি প্রয়োজন দেখছেন না।

অন্যদিকে, ইসরায়েলের কিছু নিরাপত্তা কর্মকর্তা ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। এর পেছনে রাজনৈতিক হিসাবও রয়েছে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যে নেতানিয়াহু বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের অভিযোগ, ক্ষমতায় থাকার মেয়াদ দীর্ঘায়িত করতে অথবা বিরোধীদের জাতীয় ঐক্য সরকারে যোগ দিতে বাধ্য করতেই নেতানিয়াহু নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান অবিলম্বে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে উপস্থাপিত গোয়েন্দা তথ্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর জবাবে নেতানিয়াহু অভিযোগ করেছেন, তাঁর বিরোধীরা রাজনৈতিক কারণে গুরুতর নিরাপত্তা হুমকিগুলোকে খাটো করে দেখছে।

পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ওয়াশিংটনের নিজস্ব রাজনৈতিক সময়সূচি। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পথে থাকায় ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, নতুন সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার সুযোগ ক্রমেই কমে আসছে।