আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নয়, বরং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই। বাংলাদেশের জনগণও তাদের আর রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে না।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাসে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তির রাজনীতিতে ফিরে আসার নজির নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও বাংলাদেশে আর কখনো ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে ফিরতে চান, তা দেশি-বিদেশি গণমাধ্যমে দেখা গেছে। তবে প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ীই তাঁর দেশে ফেরার সুযোগ রয়েছে। এ বিষয়ে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিভিন্ন ঘোষণায় সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই বলেও জানান তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো নাশকতামূলক কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন। এসব নির্দেশের মাধ্যমে নেতা-কর্মীদের প্রতারণা করে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জনগণ এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে আগের অপচেষ্টা ভণ্ডুল করেছে। ভবিষ্যতে উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জানমালের ক্ষতির চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতার আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রমের অংশ। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, বিষয়টি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি, দল ও সংগঠনকে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা যায়। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।
গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা করা হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। প্রকৃত শ্রমিক ও মালিকেরা এতে সন্তুষ্ট। গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা প্রকৃত শ্রমিকদের কাজ নয় বলে মন্তব্য করেন তিনি। একটি মহল রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বিষয়টি ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলা করছে এবং এর পেছনে ইন্ধনদাতাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।