গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব মো. সিরাজুল হক খান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে তাঁদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনের তথ্যও যাচাই করা হচ্ছে।
এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, আন্দোলনের সময় এসব ব্যক্তি মাঠের রাজনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন। তাঁদের আর্থিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়ার ভিত্তিতে ব্যাংক হিসাব অবরুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া আরও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খতিয়ে দেখছেন এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা।
সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাতুন নাহার ছাড়াও হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।
তাঁদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার।
এ ছাড়া মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছাও রয়েছেন হিসাব অবরুদ্ধ ও তল্লাশির তালিকায়।
রিফাতুল আলম মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ছেলে। মো. কাবির মিয়া ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। কামরুজ্জামান ভূঁইয়া লুটুলও ২০২৫ সালে গ্রেপ্তার হন।
স্বাস্থ্যসেবার সাবেক সচিব সিরাজুল হক খানকে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এনবিআরে চারটি গোয়েন্দা ইউনিট রয়েছে। আয়কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বা ভ্যাট গোয়েন্দা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) বা শুল্ক গোয়েন্দা। এসব ইউনিটের কর্মকর্তারা যৌথভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব যাচাই করছেন।
এর মধ্যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথির সঙ্গে আয়-ব্যয়ের হিসাব, ব্যাংক ও এমএফএসের তথ্য মিলিয়ে দেখছে। পাশাপাশি তাঁদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে।
গোয়েন্দা দলের এক সদস্য বলেন, “আমাদের কাছে প্রাথমিক গোয়েন্দা তথ্য রয়েছে যে তারা মাঠের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এবং অর্থ দিয়ে সক্রিয় রয়েছেন। তাই তাদের লেনদেনের তথ্য খতিয়ে দেখছি এবং ব্যাংক হিসাব ও এমএফএস তথা বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য হিসাব জব্দ করেছি।”
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সেখানে সড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের পাশাপাশি থানা ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে সরকার।