আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। তবে শেখ হাসিনার এই ঘোষণাকে বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ মনে করছে না সরকার। সরকারের বক্তব্য, তাঁকে দেশে ফিরতে হলে ভারতের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আসতে হবে।
এর আগে একাধিকবার ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন শেখ হাসিনা। তবে এবারই প্রথম তিনি ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন। তাঁর এই পরিকল্পনাকে নিছক আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হবে শুধু ভারত সরকারের সঙ্গে, তাঁর নিজের সঙ্গে নয়।
অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, ভারত চাইলে শেখ হাসিনাকে নাগরিকত্ব দিয়ে নিজেদের দেশে রেখে দিতে পারে। চব্বিশের অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর অবস্থানও এমন বলে উল্লেখ করেন তিনি।
১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা
মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট দিন-তারিখ জানিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার দুই বছরের বেশি সময় পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। দিনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, “২০২৪ সালের ৫ অগাস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।”
তিনি আরও বলেন, “এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।”
গত ৯ নভেম্বর দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি দিয়েছিল ম্যাট্রিক্স চেম্বার্স। ওই আবেদনের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর আবার চিঠি দেন আইনজীবী প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিভেন পাওলস। এর পাঁচ দিন পর বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি সামনে এল।
এর আগে গত জুলাইয়ে ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ও সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এর পরের বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রত্যর্পণ ছাড়া ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাস্তবতা হচ্ছে, একজন সন্ত্রাসীকে আবেদন করা ছাড়া অন্য কোনোভাবে দেশে ফিরতে দেওয়া হবে না… তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। বুঝতে পারছেন?”
পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেন তিনি। বলেন, “ইচ্ছা করতে পারে, মানে বেডে ঘুমাইয়া নাইটমেয়ার (দুঃস্বপ্ন) দেখে, নাইটমেয়ারের মধ্যে দেখে, ‘আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি’। না, তিনি স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। আপনি জানেন, তাকে ফেরানো হতে পারে কেবল হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর পর্যবেক্ষণের ভেতর দিয়ে। এটাই বিষয়।”
হুমায়ুন কবির আরও বলেন, “ভাই, মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে কনসালট্যান্টগুলো হায়ার করে, অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু রিয়েলিটি (বাস্তবতা) আর ডিজায়ার (আকাঙ্ক্ষা) দুই জিনিস। আপনাকে দুটার মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হচ্ছে, কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনোভাবে ফিরতে দেওয়া হবে না।
এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো ‘আলোচনা নেই’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। শেখ হাসিনাকে কীভাবে হস্তান্তর করা হবে, সেই আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা বলেন, “বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। উনার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ না। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, না হেঁটে বাংলাদেশে আসবেন, কীভাবে হস্তান্তর হবে— এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।”
‘ভারত নাগরিকত্ব দিয়ে রেখে দিক’
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে একাধিক প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।
তিনি লিখেছেন, “শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সিমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চিন্তা করা হলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা কেনো পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসবে? আর সেটির ভিডিও করেই বা কেনো ছাড়া হবে?”
রাশেদ খাঁন বলেন, “শেখ হাসিনাকে যেহেতু আশ্রয় দিয়েছে ভারত, সুতরাং বন্দি হিসেবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় উদ্যোগ গ্রহণ করা কিংবা সীমান্ত পরিদর্শন করবে ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এই কাজ কেনো নানক-নাছিম-মায়াদের করতে হলো? তাহলে কি নানক-নাছিম-মায়ারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে?”
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও লেখেন, “শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝুলার জন্য বাংলাদেশে ফিরবে না। বরং এসব স্ট্যান্টবাজি করে আ.লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে মাইর খাওয়াবে। শেখ হাসিনা হয়তো মনে করছে, শেষ চেষ্টা করে দেখি নেতাকর্মীদের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি করা যায় কি না? কিন্তু সেটি কখনোই হবে না। বিজিবি অ্যাকশনে আছে, সাথে সীমান্তবর্তী এলাকার লোকজন ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে পাহারা বসিয়েছে।”
তিনি আরও লেখেন, “বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তি সমূহের স্পষ্ট কথা, দিল্লির সেবাদাসী শেখ হাসিনাকে ভারত নাগরিকত্ব দিয়ে রেখে দিক, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না! আর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত তাকে ফেরত পাঠালে তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দঁড়ি....।”
সহিংসতার প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার
চলতি নভেম্বরের শুরু থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঘোষিত কর্মসূচি এবং শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নাকচ হওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি সরকারি স্থাপনা, রাজনৈতিক নেতাদের বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নভেম্বরের শুরু থেকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়েও হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির সংসদ সদস্যদের বাড়ি ও প্রতিষ্ঠানের পাশাপাশি জুলাই যোদ্ধাদের বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে নড়াইলের কালিয়াসহ কয়েকটি এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বাড়িঘর ও প্রতিষ্ঠানও এসব হামলার লক্ষ্য হয়েছে।
এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও গোপালগঞ্জে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও সরকারি স্থাপনায় হামলার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চলছে। রাজধানী ঢাকাসহ গোপালগঞ্জ, পাবনা, নড়াইল, ফরিদপুর ও ময়মনসিংহে ব্লক রেইড, তল্লাশিচৌকি ও চিরুনি অভিযান জোরদার করা হয়েছে। নাশকতা ও অগ্নিসংযোগে অর্থায়ন এবং জনবল সরবরাহের অভিযোগে ঢাকা মহানগর পুলিশসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক নজরদারি প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পলাতক আসামি ও নাশকতাকারীরা যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে এবং অস্ত্র ও বিস্ফোরক পাচার ঠেকানো যায়, সে জন্য বেনাপোল ও যশোরসহ সীমান্তবর্তী এলাকাগুলোতেও সতর্কতা জোরদার করা হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ
আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের সূত্রগুলো বলছে, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তুলতেই এ সংলাপের আয়োজন করা হয়েছে।
ক্ষমতাসীন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিএনপি নেতারা একে ‘ঐক্য সংলাপ’ হিসেবে অভিহিত করে বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে রুখতে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে এনসিপিসহ বিরোধী দলগুলোর পক্ষ থেকে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে সরকারের অঙ্গীকার চাওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের ‘দীর্ঘমেয়াদি রোডম্যাপ’ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধন কমিটি বাতিলের আহ্বান জানিয়েছে দলটি।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে জন্য দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, বিচার, সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।