আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল বুধবার প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ২৪ নভেম্বর কমিশনের নির্বাচন পরিচালনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকারের এই নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল উন্মুক্ত করা হবে। এই তালিকায় ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, সেসব নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে সর্বমোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছেন ১ হাজার ২৬৭ জন।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন মোট পাঁচটি পর্যায়ে সম্পন্ন করার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে সারাদেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের একটি তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে কমিশন। যার মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ নভেম্বর নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্বাচনী তালিকাটি প্রকাশ করা হয়েছিল।