অস্ট্রেলিয়ায় নির্ধারিত সফর শেষ করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ২৪ নভেম্বর বিকেলে তিনি অস্ট্রেলিয়া ছেড়ে দেশের পথে রওয়ানা হন।
জানা গেছে, স্থানীয় সময় আজ বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে জড়ো হন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, সৌজন্য সাক্ষাৎ এবং এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে প্রবাসীরা ডা. শফিকুর রহমানকে বিদায় জানান।
সফরকালীন সময়ে তিনি সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত নানা সংবর্ধনা, সেমিনার এবং মতবিনিময় সভায় যোগ দেন। এসব কর্মসূচিতে অস্ট্রেলিয়ার নানা প্রান্তে বসবাসরত প্রবাসী নাগরিক, পেশাজীবী, শিক্ষক, কমিউনিটি নেতা এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সফরের সূচনায় গত ২০ নভেম্বর রাতে সিডনিতে অবতরণের পর ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের শীর্ষ নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন এবং মতবিনিময় করেন। সেদিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস মিলনায়তনে শিশু-কিশোরদের এক আনন্দমেলায় এবং সাবেক শিবির নেতাদের আয়োজনে রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন তিনি।
এর পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড শীর্ষক এক বড় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির। উক্ত সভায় নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত অপর এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রবাসীদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের অগ্রগতিতে প্রবাসীদের অর্জিত জ্ঞান, কর্মদক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োগ করার আহ্বান জানান।
এই সফরে জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।