মঙ্গলবার, 24 নভেম্বর 2026
সকল বিভাগ

ঐক্যের আগে বিএনপিকে ভুল স্বীকারের মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্বীকার করে গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঐক্যের আগে বিএনপিকে ভুল স্বীকারের মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্বীকার করে গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে এনসিপির এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরসহ চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে দলটি।

দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় চলমান অস্থিরতার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রথম দিনে এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রতি ইঙ্গিত করে সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের সংলাপের মূলা ঝুলাবেন না। আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি।”

জিয়াউর রহমানের ‘স্বাধীনতার ডাকের মতো’ চট্টগ্রাম থেকে ‘ভারতীয় আধিপত্যবাদের’ বিরুদ্ধে ‘দ্বিতীয় স্বাধীনতার ডাক’ দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি দ্বিতীয় জুলাইয়ের ডাক দিয়েছিলেন উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, “যদি গঙ্গায় পানি না আসে, বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য চলবে না; কোনো ভারতীয় কাজ করতে পারবে না।”

বিএনপি নেতৃত্বাধীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি একদিকে ভারত বিরোধিতা করবেন, আরেকদিকে গার্মেন্ট ফ্যাক্টরি ইন্ডিয়ার কাছে তুলে দেবেন; শহীদ ওসমান হাদি ভাইকে যারা খুন করেছিল, সেই হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন… না, আমরা এ ধরনের ‘কুসুম কুসুম পররাষ্ট্রনীতি’ বাংলাদেশে দেখতে চাই না।”

জুলাই আন্দোলনের এই নেতা বলেন, “বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে— ‘বাবা ভুল করেছি, মাফ করে দাও, আমি গণরায় বাস্তবায়ন করব’।”

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয় যে, আমরা আপনার যত অপরাধ আছে, সেসব অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে বাড়াব।

“গত আট মাসে বাংলাদেশে যারা ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, ওই ভাইদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আমরা নেব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “বিএনপি যদি মনে করে, আলোচনার দ্বার উন্মোচন করেছি, এখন গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে না, গণহত্যার বিচার করতে হবে না, তাহলে এটা আকাশকুসুম কল্পনা!”

জিয়াউর রহমানের সময়কার পরিস্থিতির দিকে বাংলাদেশ এগোচ্ছে মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, “বিএনপি আমাদের কথা না শুনে শুনেছে আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করেছে এবং ব্যবসা-বাণিজ্য করতে করতে একটা পর্যায়ে জিয়াউর রহমানের পরিস্থিতির দিকে বাংলাদেশ চলে যাচ্ছে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, “আপনার বাপ যে ভুল করেছে, আপনি ওই ভুল করবেন না। ভুল থেকে শিক্ষা নেওয়া হলো ইতিহাসের দায়িত্ব। আর এই জন্যই আমরা আপনার কাছে গিয়েছি আপনাকে স্মরণ করিয়ে দিতে।”

চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিন, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব এবং সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন।