সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। এ লক্ষ্যে হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।