তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের সভায় মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ প্রস্তাব দেন। সভা শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোর্ডের সদস্যরা।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব দিয়েছে। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়েই প্রস্তাবগুলো পর্যালোচনা করবে। এরপর দুই পক্ষ চাইলে সংশোধিত প্রস্তাব দিতে পারবে। আজকের সভা চলবে, প্রয়োজনে আগামীকালও তা অব্যাহত থাকতে পারে।
বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
সোমবার বেলা পৌনে ১২টায় মজুরি বোর্ডের সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভায় উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।
এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন সভায় অংশ নেন। শ্রমিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম।
এর আগে গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। চার সদস্যের একটি পরিবারের খাবার, পুষ্টি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনে মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন বলে যুক্তি দেন তিনি। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩২ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান।
পোশাকশ্রমিকেরা গত মাস থেকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তাঁদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
উল্লেখ্য, আগের পাঁচটি মজুরি বোর্ডের অভিজ্ঞতায় দেখা গেছে, শ্রমিকপক্ষের দাবির তুলনায় অনেক কম মজুরির প্রস্তাব দিয়ে থাকে মালিকপক্ষ। পরে দর-কষাকষির মাধ্যমে প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি নির্ধারণ করা হয়।
সর্বশেষ ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন। এর বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করেছিল ১০ হাজার ৪০০ টাকা, যা শ্রমিকপক্ষের দাবির প্রায় অর্ধেক। মালিকপক্ষের এই প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে পরদিনই আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা।
টানা তিন সপ্তাহের ওই আন্দোলনে রাসেল হাওলাদার, ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের চার শ্রমিক নিহত হন। পরে আন্দোলনের মুখে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত সেটিই চূড়ান্ত হয়।