সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

শ্রমিকদের বেতন বাড়লেই বাড়িভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা: প্রতিমন্ত্রী

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শ্রমিকদের বেতন বাড়লেই বাড়িভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কোনো বাড়ির মালিক শ্রমিকদের বেতন বৃদ্ধির পরপরই ভাড়া বাড়ালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার সন্ধ্যায় সাভার পৌরসভা কার্যালয়ে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় তিনি বলেন, “কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা একটি সংগঠন নানা অজুহাতে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে ধ্বংস করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। এরই ধারাবাহিকতায় সাধারণত পাঁচ বছর পরপর শ্রমিকদের মজুরি বোর্ড গঠিত হলেও, অন্তর্বর্তীকালীন সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী বর্তমান সরকার তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড কাজ শুরু করেছে।”

মজুরি বোর্ডের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, পোশাকশিল্পের মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব বিবেচনায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করছে বোর্ড। আলোচনার মাধ্যমে দুই পক্ষের প্রস্তাবের মাঝামাঝি একটি বেতন কাঠামো নির্ধারণ করা হবে। তবে শ্রমিকদের বেতন যে বাড়বে, তা নিশ্চিত।

বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে শ্রমিকদের উদ্বেগের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, “অনেক শ্রমিক আমাদের কাছে দাবি জানিয়েছেন, বেতন যা-ই বাড়ুক তারা কাজে ফিরে যাবেন, কিন্তু বাড়ির মালিকরা যেন ভাড়া না বাড়ান। শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনারা যদি বাড়ি ভাড়া বাড়িয়ে দেন, তবে শ্রমিকরা আবারও দিশাহারা হয়ে পড়বেন।”

এ সময় শ্রমিকদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে বাড়ির মালিকদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করার নির্দেশও দেন প্রতিমন্ত্রী। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসক, পৌর প্রশাসক এবং সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামকে আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাড়ির মালিকদের সঙ্গে বসে বিষয়টি বোঝানোর নির্দেশ দেন তিনি।

তবে মতবিনিময় সভায় শ্রমিক নেতাদের বক্তব্য শোনার সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত নেতারা। তাঁদের অভিযোগ, দূর-দূরান্ত থেকে সভায় যোগ দিতে এলেও প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট অতিথিরা তাঁদের সঙ্গে কোনো আলোচনা না করেই বক্তব্য দিয়ে চলে যান।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “মতবিনিময় করার জন্য আমাদেরকে জরুরিভাবে তলব করা হয়েছিল। আমরা এত কষ্ট করে দূর-দূরান্ত থেকে এসেছি। কিন্তু প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্টরা আমাদের সঙ্গে কোনো কথা না বলেই শুধু নিজেরা বক্তব্য দিয়ে চলে গেলেন। তাহলে আর এই মতবিনিময় সভার লাভ কী হলো।”

সভায় স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভারের ইউএনও ও পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম উপস্থিত ছিলেন।