তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় প্রস্তাবিত খসড়া চুক্তিকে ‘অত্যন্ত দুর্বল’ আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) কয়েক ডজন দেশ প্রত্যাখ্যান করায় রোববার সমাপনী অধিবেশনে অচলাবস্থা তৈরি হয়।
কপ৩১ সম্মেলনের যৌথ সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়া চূড়ান্ত খসড়া চুক্তিটি উপস্থাপন করেছিল। শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও মতবিরোধের কারণে আলোচনা সপ্তাহান্ত পর্যন্ত গড়ায়। দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনার পর রোববার সমাপনী অধিবেশনে সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম জানান, খসড়া চুক্তিটি অনুমোদন করা সম্ভব হয়নি।
তিনি বলেন, "এটি স্পষ্ট যে, এই কক্ষে এমন বেশ কিছু দেশ রয়েছে, যারা এই খসড়ার বিরোধিতা করছে। আমরা স্বীকার করছি যে, এই নথির বিষয়ে কোনও ঐকমত্য নেই। অতএব, এই সিদ্ধান্ত গৃহীত হয়নি।"
সমাপনী অধিবেশনে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও মার্শাল দ্বীপপুঞ্জ ও পানামাসহ কয়েক ডজন দেশ প্রকাশ্যে খসড়াটি প্রত্যাখ্যান করে। তাদের মতে, প্রস্তাবিত চুক্তি বৈশ্বিক উষ্ণায়ন রোধের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়।
কপ সম্মেলনের নিয়ম অনুযায়ী, যেকোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থিত প্রায় ২০০টি দেশের সর্বসম্মতি প্রয়োজন। ফলে কয়েকটি দেশের আপত্তির মুখে প্রস্তাবিত সিদ্ধান্তটি গৃহীত হয়নি বলে স্বীকার করেন কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম।
সর্বশেষ ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। এবারের আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনঅসন্তোষের মতো একাধিক সংকট ভূমিকা রেখেছে। এসব সংকট বৈশ্বিক উষ্ণায়নের কারণে সৃষ্ট সমস্যাগুলোকে আলোচনার আড়ালে ঠেলে দিয়েছে।
আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির প্রতিনিধি ডারা ও’ব্রায়েন জানান, খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় ইইউ এটি সমর্থন করতে পারেনি। বিজ্ঞানীদের মতে, জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ।
তিনি বলেন, "এটি অকল্পনীয় যে, আমরা এমন একটি জলবায়ু চুক্তি করব যেখানে জীবাশ্ম জ্বালানির কোনও উল্লেখ নেই, এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসারও কোনো কথা নেই।"
পানামাও জানিয়েছে, বর্তমান খসড়াটি তাদের পক্ষে সমর্থন করা সম্ভব নয়। দেশটির মতে, প্রস্তাবটি জলবায়ু সংকটের তীব্রতা মোকাবিলায় ব্যর্থ হয়েছে।
গত অক্টোবরে জাতিসংঘের পরিবেশ সংস্থা নিশ্চিত করে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বা ২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইটের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই ঘোষণার পর এটিই ছিল প্রথম কপ সম্মেলন।
এক দশক আগে প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বের দেশগুলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল। কারণ, এই সীমা অতিক্রম করলে চরম বৈরী আবহাওয়ার প্রকোপ বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সমাপনী অধিবেশনে চুক্তি গৃহীত না হওয়ার ঘোষণা দেওয়া হলেও কপ৩১ সম্মেলনের আলোচনা আনুষ্ঠানিকভাবে বন্ধ করেননি সভাপতি মুরাত কুরুম। মতৈক্য না হওয়ায় এখন আলোচনা এগিয়ে নেওয়ার জন্য কয়েকটি বিকল্প রয়েছে।
এর মধ্যে একটি হলো, ২০০০ সালে হেগ সম্মেলনের মতো এবারের আলোচনা স্থগিত রেখে পরবর্তী সময়ে জার্মানির বন শহরে মধ্যবর্তী বৈঠক আয়োজন করা। সেখানে জাতিসংঘের জলবায়ু সংস্থার সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে, সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি আগামী বছরের কপ সম্মেলন পর্যন্ত পিছিয়ে দেওয়ার সুযোগও রয়েছে। তবে আগামী সম্মেলনের আয়োজক দেশ ইথিওপিয়া এতে আপত্তি জানাতে পারে।
এবারের সম্মেলন তিক্ততার মধ্য দিয়ে শেষ হলে আগামী বছরের আলোচনাতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, মুরাত কুরুম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "এখন থেকে আর কোনও নতুন খসড়া (টেক্সট) তৈরি করা হবে না। যে পরিবেশে ঐকমত্য নেই, সেখানে আমরা নতুন কোনও খসড়া নিয়ে কাজ করব না।"
অর্থাৎ, বর্তমান খসড়ায় সংশোধন এনে সব দেশকে রাজি করানোর আর কোনো চেষ্টা করছে না আয়োজক পক্ষ। নতুন খসড়া তৈরির উদ্যোগ না থাকায় এবারের সম্মেলনে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেছে।
এ পরিস্থিতিতে জাতিসংঘের নিয়ম অনুযায়ী, আলোচনা আনুষ্ঠানিকভাবে স্থগিত করে পরবর্তী সময়ে জার্মানির বন শহরে অথবা আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ৩২ সম্মেলনে তা চালিয়ে নেওয়ার পথই খোলা রয়েছে।