জুলাই গণ-অভ্যুত্থানের পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় আবারও অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে। এসব অভিযোগের পর তাঁকে গ্রেপ্তারে তৎপর হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত আগস্টে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়েও তাঁকে ধরতে পারেনি পুলিশ। সে সময় নিজের পরিচয় গোপন করে পুলিশের সামনে দিয়েই চলে যান তিনি। পরে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তাঁকে গ্রেপ্তারের পরিকল্পনা করে ডিবি।
গতকাল রোববার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ধরতে গিয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় গ্রেপ্তার হন সুইডেন আসলাম। ডিবির একটি সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতিতে জামিনে মুক্তি পাওয়া সাত আলোচিত সন্ত্রাসীর একজন ছিলেন আসলাম। পরে তিনি বিদেশে চলে যান। সেখানে অবস্থান করেই কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।
ডিবির সূত্রের তথ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন সুইডেন আসলাম। তাঁর দেশে ফেরার খবর পেয়ে তাঁকে গ্রেপ্তারের জন্য ইমিগ্রেশন পুলিশকে জানানো হয়। একটি পুরোনো মামলার নথিসহ তাঁকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির ভিত্তিতেই গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেটকেন্দ্রিক বিভিন্ন অপরাধে নতুন করে সুইডেন আসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ঢাকার নিউমার্কেট এলাকায় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। এ ঘটনায় তাঁর ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় আসামিদের তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ড্যাগারি রনি। এখন ওই মামলায় সুইডেন আসলামকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
আগস্টে পুলিশের সামনে দিয়েই চলে যান
ইমিগ্রেশন পুলিশ ও পাসপোর্টের তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট ডিবি সূত্র জানায়, জামিনে মুক্তির পর গত ৬ এপ্রিল প্রথমবার ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান সুইডেন আসলাম। এরপর আগস্ট ও নভেম্বরে আরও তিনবার মালয়েশিয়া থেকে এভাবে ঢাকায় আসা-যাওয়া করেন তিনি। ডিবির একটি সূত্রের দাবি, মালয়েশিয়ায় অবস্থান করলেও থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাতায়াত ছিল তাঁর।
পুলিশের একটি সূত্র জানায়, গত আগস্টে দেশে আসার পর সুইডেন আসলামের অবস্থান সম্পর্কে খবর পেয়ে তেজগাঁও এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশের সামনে দিয়েই চলে যান তিনি।
তদন্তসংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা জানান, তাঁর কাছে সুইডেন আসলামের একটি পুরোনো ছবি ছিল। সেই ছবির সঙ্গে তাঁর বর্তমান চেহারার মিল পাওয়া যাচ্ছিল না। নাম জানতে চাইলে তিনি নিজেকে আলী আকবার পরিচয় দিয়ে সেখান থেকে চলে যান। গতকাল গ্রেপ্তারের পর দেখা যায়, ওই সময় আলী আকবার পরিচয় দেওয়া ব্যক্তিই ছিলেন সুইডেন আসলাম।
চাঁদাবাজি ও মার্কেট দখলের অভিযোগ
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্ত হয়ে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পেছনে ক্যাপিটাল বড় বাজার নামের তিনতলা একটি মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হন সুইডেন আসলাম। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটটি এখন তাঁর নিয়ন্ত্রণে। সেখানে ব্যবসা করতে হলে তাঁকে চাঁদা দিতে হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই মার্কেট ছাড়াও কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখলের ঘটনায় নতুন করে সুইডেন আসলামের নাম এসেছে। তাঁর লোকজন এ এলাকায় বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
গত ৭ জানুয়ারি রাত আটটার পর রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডে বিনাশ নামের এক সন্ত্রাসী জড়িত বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। ওই ব্যক্তি সুইডেন আসলামের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে।
গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে অবগত এক পুলিশ কর্মকর্তা জানান, মুছাব্বির হত্যায় জড়িত নন বলে দাবি করেছেন আসলাম। তিনি বলেছেন, বিনাশ নামের কাউকে চেনেন না। কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে জিজ্ঞাসাবাদে আসলাম পুলিশকে বলেছেন, যুবক বয়সে তিনি বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন এবং তখন তাঁর নাম ছড়িয়ে পড়েছিল। তবে এখন তিনি কোনো অপরাধে জড়িত নন। স্থানীয় অনেকেই বিপদে পড়ে তাঁর কাছে গেলে তিনি সমাধানের চেষ্টা করেন। পুলিশের ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, আসলাম যেসব সমস্যার সমাধান করেন, সেগুলো মূলত আদালত ও পুলিশের কাজ।
অপরাধজগতে উত্থান
সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তাঁর প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তবে সুইডেন আসলাম নামেই তিনি পরিচিত। বর্তমানে তাঁর বয়স ৬৫ বছর। তাঁর বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা স্বাধীনতার পর ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। তাঁর বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আসলামের পড়াশোনা তেজগাঁও পলিটেকনিক স্কুলে, যার বর্তমান নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুইডেন আসলাম ফুটবল খেলায় ভালো ছিলেন। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। এসএসসি পাসের পর তেজগাঁও কলেজে ভর্তি হন। তখন থেকেই অপরাধে জড়িয়ে পড়েন তিনি।
১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। ২০১৫ সালের ২৩ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছিল। এরপর একের পর এক খুনের ঘটনায় তাঁর জড়িয়ে পড়ার অভিযোগ আসে।
আশি ও নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একেকজনের নিয়ন্ত্রণে অপরাধজগৎ গড়ে ওঠে। ২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। ওই তালিকায় মিরপুরের ইব্রাহিমপুর ও কাফরুলের কালা জাহাঙ্গীর, মগবাজার ও মালিবাগের সুব্রত বাইন, কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের পিচ্চি হান্নান এবং মোহাম্মদপুরের হারিস আহমেদসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের নাম ছিল। সে তালিকায় আসলামের নাম ছিল না। তবে ২০১০ সালে পুলিশের করা ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ওঠে।
‘সুইডেন’ নাম ও মামলার ইতিহাস
পুলিশ ও ইন্দিরা রোডের বাসিন্দাদের সূত্রে জানা যায়, আসলামের প্রথম স্ত্রী ইতির বাড়ি ছিল সুইডেনে। একপর্যায়ে আসলামও সেখানে যান। কয়েক বছর পর দেশে ফিরে আসেন। এরপর রাজাবাজারের শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন সুইডেন আসলাম নামে। পুলিশের তালিকা, মামলার নথি ও সংবাদমাধ্যমেও এই নাম ব্যবহৃত হয়েছে।
ইতির সঙ্গে তাঁর সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি দেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামের এক সন্ত্রাসীকে বিয়ে করেন। ১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। ওই মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। সে সময় প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল, ইতির সঙ্গে মামুনের প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাঁকে খুন করেন আসলাম। পরে নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন তিনি। ২০২২ সালে প্রকাশিত এক লেখায় বলা হয়, সিমি নিজের ভাই-বোনদের সঙ্গে থাকেন।
আসলামের বিরুদ্ধে মোট কতটি মামলা হয়েছিল, কতটিতে তিনি খালাস পেয়েছেন এবং কতটি বিচারাধীন—তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁর মুক্তির সময় প্রকাশিত বাসসের খবরে ৯টি হত্যা মামলাসহ মোট ২২টি মামলার কথা বলা হয়েছিল। এর আগে ২০১৫ সালে পুলিশের কারা প্রশাসনের মহাপরিদর্শককে দেওয়া এক চিঠির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১২টি মামলার মধ্যে ১১টিতে খালাস পেয়েছেন আসলাম। একটি মামলা বিচারাধীন ছিল।
সর্বশেষ যে মামলায় তাঁর জামিন হয়নি, সেটি তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা মামলা। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ অভিযোগপত্র দেয়। এই মামলাতেই দীর্ঘদিন জামিন পাননি আসলাম। তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
কারাগারে থাকা অবস্থায়ও অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০১৪ সালের মার্চে কারা অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে। একটি গোয়েন্দা সংস্থা ওই ফোনে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পায়। কলের তালিকাসহ একটি গোপন প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশকে পাঠানো হয়। তাতে পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী তাঁর হয়ে কাজ করতেন বলে উল্লেখ করা হয়েছিল।
গালিব হত্যা মামলায় দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণেও অগ্রগতি ছিল না। ২০১৫ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালের ১৫ অক্টোবর গালিবের স্ত্রী শম্পা এবং ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর চুন্নু মিয়া সাক্ষ্য দেন। এরপর টানা নয় বছর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষী হাজির করতে পারেনি।
২০২৪ সালে আসলাম জামিনে মুক্ত হওয়ার সময় মামলাটিতে ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। ওই বছরের ৩ সেপ্টেম্বর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে রাত নয়টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তখন তাঁর বয়স ছিল ৬২ বছর।