মঙ্গলবার, 24 নভেম্বর 2026
সকল বিভাগ

পাবনায় বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ বিএনপির পাঁচ সমর্থক

পাবনার ঈশ্বরদীতে বালুর ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির পাঁচ সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও কয়েকজন।

পাবনায় বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ বিএনপির পাঁচ সমর্থক
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে বালুর ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির পাঁচ সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ঈশ্বরদী শহরের পূর্বটেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

স্থানীয় বাসিন্দারা জানান, সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে এক পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হন।

স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুলিবিদ্ধ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।