মঙ্গলবার, 24 নভেম্বর 2026
সকল বিভাগ

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলের পর দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় হাতবোমা বিস্ফোরণ এবং ১০টি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলের পর দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় হাতবোমা বিস্ফোরণ এবং ১০টি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক নাঈম ফেরদাউস বলেন, চারজনের শরীরে ছররা গুলির (পিলেট) চিহ্ন রয়েছে। তাঁদের এক্স-রে করার জন্য পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ চারজন হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তাঁর ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)।

এ ছাড়া চরমানিকদাহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন।

এর জেরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা দেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় গুলি ছোড়ার পাশাপাশি হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা বলেন, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।

পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের পর দুই পক্ষ নিজেদের মধ্যে বসে মীমাংসা করে নিয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।