সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

ঝিনাইদহে ডাকাতির মুখে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ এক প্রসূতিকে বহনকারী অ্যাম্বুলেন্সেও হামলা চালায় ডাকাতেরা। এমনকি প্রসূতির পেটের কাছে ধারালো অস্ত্র ধরে তারা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই অপরিপক্ব সন্তান প্রসব করেন ওই নারী। পরে হাসপাতালে নেওয়ার পথে নবজাতকটির মৃত্যু হয়।

ঝিনাইদহে ডাকাতির মুখে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ এক প্রসূতিকে বহনকারী অ্যাম্বুলেন্সেও হামলা চালায় ডাকাতেরা। এমনকি প্রসূতির পেটের কাছে ধারালো অস্ত্র ধরে তারা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই অপরিপক্ব সন্তান প্রসব করেন ওই নারী। পরে হাসপাতালে নেওয়ার পথে নবজাতকটির মৃত্যু হয়।

গতকাল রোববার ভোরে কালীগঞ্জ-গান্না সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে প্রসূতির স্বামী কালীগঞ্জ থানায় মামলা করেছেন। সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসূতি আফসারা তাসনীম (৩০) চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার চিকিৎসক আবদুল্লাহ আল নোমানের স্ত্রী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চুয়াডাঙ্গা থেকে যশোরে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে ছিলেন তাঁর স্বামী, মা, শাশুড়ি, বড় ছেলে ও একজন নার্স।

আবদুল্লাহ আল নোমান চুয়াডাঙ্গা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা। সোমবার দুপুরে তিনি জানান, স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে যশোরে নিয়ে যাচ্ছিলেন। কালীগঞ্জ উপজেলার বাগমারা বাজার পেরিয়ে কালীগঞ্জের দিকে প্রায় ৩০০ গজ যাওয়ার পর তাঁরা সড়কের ওপর গাছ ফেলে রাখতে দেখেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘গাড়ির গতি কমাতেই কয়েকজন অস্ত্রধারী এসে প্রথমে আমার ছেলের গলায় ধারালো অস্ত্র ধরে। আমার মায়ের গলায়ও দা ধরে। অ্যাম্বুলেন্সে থাকা নারীদের কানের দুল, গলার হার খুলে নেয়। আমার গলায় দা ধরে আমার কাছে থাকা নগদ এক লাখ টাকা ও ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। আমার স্ত্রীর পেটের কাছে ধারালো অস্ত্র ধরে। এতে আমার স্ত্রী খুব ভয় পেয়ে যান। ডাকাতেরা অ্যাম্বুলেন্সে থাকা নার্সকেও মারধর করে।’

ডাকাতদের কবল থেকে মুক্ত হওয়ার পর তাঁরা যশোরের উদ্দেশে রওনা হন। জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তাও নেন। তবে ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পথেই অ্যাম্বুলেন্সের মধ্যে অপরিপক্ব সন্তান প্রসব করেন আফসারা তাসনীম। সাতমাইল এলাকায় পৌঁছালে নবজাতকটির মৃত্যু হয় বলে জানান তাঁর স্বামী।

কালীগঞ্জ-গান্না সড়কের আমতলা বাজার এলাকার মারকাযুল উলুমুল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক তিতুমীর হোসেন জানান, তিনি রাতে মাদ্রাসায় থাকেন। রোববার ভোরের দিকে ডাকাতির খবর জানতে পারেন। ডাকাতির শিকার অ্যাম্বুলেন্সের চালক গাড়ির চাবি খুঁজতে তাঁদের সহায়তা চেয়েছিলেন।

তিতুমীর হোসেন বলেন, ‘তার কাছ থেকে জেনেছি, রাতে ২০-২৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে অন্তত ৮-১০টি বিভিন্ন যানবাহনে ডাকাতি করেছে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বলেন, ‘আবদুল্লাহ আল নোমানের করা এজাহার দস্যুতার মামলা হিসেবে নেওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, অচিরেই পুরো ডাকাত দলকে আটক করা যাবে।’