সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

এক লাখ টাকা ঘুষসহ দুদকের অভিযানে আটক আমতলীর প্রকৌশলী রুবেল

সড়ক নির্মাণের বিল আটকে রাখার হুমকি দিয়ে ঘুষ চাওয়ার অভিযোগে বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে এক লাখ টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদক।

এক লাখ টাকা ঘুষসহ দুদকের অভিযানে আটক আমতলীর প্রকৌশলী রুবেল
ঘুষের এক লাখ টাকা নেওয়ার সময় বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। সড়ক নির্মাণের বিল আটকে রাখার ভয় দেখিয়ে তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে।

সোমবার (২৩ নভেম্বর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল ফাঁদ পেতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

দুদক জানায়, লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের অধীনে সড়ক নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার শেখ নোমান রেজার কাছে ঘুষ চেয়েছিলেন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খান। পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ওই ঠিকাদারের প্রাপ্য বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে ধাপে ধাপে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় কাজের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বৈধ বিলে অনুমোদনের সুপারিশ না করার ভয় দেখিয়ে ঠিকাদারকে নানাভাবে ভোগান্তিতে ফেলেন তিনি।

এই পরিস্থিতিতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ সোমবার অভিযান পরিচালনা করে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের দলটি। অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ আমতলীর ওই প্রকৌশলী মো. রুবেল খানকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা হয়েছে এবং আটক ওই কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।