বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাদিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে জামিন দেননি আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আসামিপক্ষের জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুনানিকালে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিনের আর্জি জানান অ্যাডভোকেট সাথী শাহা। অপরদিকে জামিনের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। দুই পক্ষের বক্তব্য শোনার পর আবেদনটি নাকচ করে দেন বিচারক।
এর আগে গত ১৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে সোপর্দ করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। পাশাপাশি তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে রিমান্ড চাওয়া হতে পারে বলেও আদালতকে জানানো হয়।
গত ১৮ নভেম্বর গভীর রাত আনুমানিক ২টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছিল।
মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষার্থী মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। একপর্যায়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জন মিলে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ধাওয়া দিয়ে বেধড়ক মারধর এবং নির্বিচারে গুলি চালায়। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্তাক্ত জখম হন সাদিকুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তিনি মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলাটি রুজু করেন।