কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতার প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
আলোচনায় অংশ নেওয়া এনসিপির প্রতিনিধিদলে আছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এক হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই একই দিনে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেন এবং সেদিনই এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি।