সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকা-দিল্লির শেষ যৌথ সভা

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যালোচনায় শেষবারের মতো বৈঠক করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই রোববার ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। যৌথ নদী কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ বছর মেয়াদি চুক্তির বাস্তবায়ন নিয়ে এটিই শেষ সভা হওয়ার কথা।

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকা-দিল্লির শেষ যৌথ সভা
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যালোচনায় শেষবারের মতো বৈঠক করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই রোববার ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। যৌথ নদী কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ বছর মেয়াদি চুক্তির বাস্তবায়ন নিয়ে এটিই শেষ সভা হওয়ার কথা।

যৌথ নদী কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর সই হওয়া চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যদের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়।”

এর ধারাবাহিকতায় রোববার ঢাকায় তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সভায় চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানিয়েছে যৌথ নদী কমিশন।

বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। আর ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

যৌথ নদী কমিশন জানায়, ১৯৯৭ সাল থেকে গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে যৌথ কমিটি ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন তৈরির কাজ করে আসছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কার্যক্রম পরিচালনার জন্য প্রতিবছর যৌথ কমিটির তিনটি বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি বৈঠক ফারাক্কায় সরেজমিন পরিদর্শনের পর কলকাতায় এবং আরেকটি বৈঠক হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা বা পদ্মা নদী পরিদর্শনের পর ঢাকায় অনুষ্ঠিত হয়।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টনে ৩০ বছর মেয়াদি চুক্তি করে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়।

৪০ বছরের গড় পানিপ্রবাহের মাত্রা অনুযায়ী ভারত পানির ভাগ পায়। সংকটের সময় বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তাও রয়েছে চুক্তিতে। চলতি বছরের ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হবে।

নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য ঢাকা থেকে তাগাদা দেওয়া হলেও ভারতের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত সপ্তাহে জানান, আলোচনার প্রস্তুতি নিতে গত এপ্রিলে অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বাংলাদেশ।

ওই কর্মকর্তা বলেন, “এরপর গত জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে আলোচনার প্রস্তাব দেয়। অগাস্টে এ বিষয়ে একটি তাগিদপত্রও পাঠানো হয়। কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।”