প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ভারতীয় কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। অথচ ওই বক্তব্যের ভিত্তিতে ভারতকে দায়ী করার খবর প্রকাশ করেছে দেশটির কয়েকটি গণমাধ্যম।
ওই প্রতিবেদনগুলোর সত্যতা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এই (ভারতীয়) গণমাধ্যমগুলো বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে, কারণ তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) কোনো দেশের নাম উল্লেখ করেননি।’ মুখপাত্র আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অভিযোগ, আওয়ামী লীগের এসব সহিংস কর্মকাণ্ড কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি করছে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট হচ্ছে। সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তবে বক্তব্যে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি। প্রধানমন্ত্রী বলেন, তারা (আওয়ামী লীগ) এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি।
সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ভিত্তিতে ভারতকে দায়ী করার খবর প্রকাশ করে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। তবে বাংলাদেশ সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে।